আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার বাসিন্দা ওই তরুণীর নাম ভিকনেশ্বরী শিবকুমারা। প্রেমিকের সঙ্গে দেখা করতে ৪ জুলাই তিনি ভারতে প্রবেশ করেন। ভারতে প্রবেশের পর প্রেমিক লক্ষ্মণকে বিয়েও করেছেন ভিকনেশ্বরী।
খবরে বলা হয়েছে, ২৮ বছর বয়সি লক্ষ্মণ অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটাগিরিকোটা শহরের বাসিন্দা। ২০১৭ সালে ফেসবুকে তার বন্ধুত্ব হয় ২৫ বছর বয়সি ভিকনেশ্বরীর সঙ্গে। অচিরেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। অবশেষে প্রেমের টানে চলতি বছরের ৪ জুলাই ভারতে আসেন ভিকনেশ্বরী। ২০ জুলাই লক্ষ্মণের পরিবারের উপস্থিতিতে একটি মন্দিরে বিয়ে হয় যুগলের।
.png)
তবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেননি ভিকনেশ্বরী। পর্যটন ভিসায় ভারতে আসেন তিনি। আগামী ৬ আগস্ট তার ভিসার মেয়াদ শেষ হবে। এরপর তাকে ফিরে যেতে হবে নিজের দেশে।
অভিবাসন নিয়ম অনুযায়ী, চিত্তোরের জেলা পুলিশ ভিকনেশ্বরীকে ইতোমধ্যেই একটি নোটিস পাঠিয়েছে। ভিকনেশ্বরীও সরকারের কাছে নাগরিকত্ব পাওয়ার আবেদন জানিয়েছেন। ভবিষ্যতে সম্ভাব্য জটিলতা এড়াতে নবদম্পতিকে আইনসম্মতভাবে বিয়ে করার পরামর্শও দিয়েছে পুলিশ।
ভিকনেশ্বরী এবং সীমা ছাড়াও সম্প্রতি ভারতে এসেছেন পোল্যান্ডের বাসিন্দা বারবারা পোলাক। ভারতীয় প্রেমিক শাদাব মালিকের টানে ভারতে এসে ঝাড়খণ্ডের হাজারিবাগে বসবাস শুরু করেছেন তিনি। সঙ্গে এনেছেন ছ’বছরের কন্যাকেও।