ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে কৃষি খামারে বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ২৮ জুলাই ২০২৩
ব্রাজিলে কৃষি খামারে বিস্ফোরণ, নিহত ৮
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে একটি কৃষি খামারে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।

ভয়াবহ এ দুর্ঘটনায় আশেপাশের বেশিরভাগ বাড়ির জানালা উড়ে গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এক বিবৃতিতে প্রাদেশিক গভর্নর বলেন, বুধবার (২৬ জুলাই) পালোটিনা পৌরসভার সি ভ্যালে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির একটি খামারের শস্য গুদামে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখনো একজন নিখোঁজ রয়েছে।

Advertisement

ছোট শহর পালোটিনার অবস্থান পারানার রাজধানী কুরিচিবা থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরপশ্চিমে। পারানা ব্রাজিলের অন্যতম শীর্ষ কৃষিপ্রধান রাজ্য।

এক বিবৃতিতে সি ভ্যালে বলেছে, উদ্ধার কর্মীরা নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে কাজ করতে থাকায় এই মুহূর্তে বিস্ফোরণের কারণ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

কোম্পানিটির এক মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সাতজন বিদেশি, অধিকাংশই হাইতীয় এবং একজন ব্রাজিলীয়।

সি ভ্যালে জানিয়েছে, যে শস্য গুদামে বিস্ফোরণ ঘটেছে সেটিতে প্রায় ১২ হাজার মেট্রিক টন সয়াবিন ও ৪০ হাজার মেট্রিক টন ভুট্টা আছে। 

বিস্ফোরণের আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

সি ভ্যালে প্রতিবেশী প্যারাগুয়েসহ ব্রাজিলের পাঁচটি রাজ্যজুড়ে ১২৫টি ইউনিটে শস্য গুদামজাত করে।

এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন পারানার কৃষি সমবায় গোষ্ঠী ওসিইপিএআর এর প্রেসিডেন্ট জোজে হিকেন। ‘দীর্ঘদিন ধরে’ ওই এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

এর আগে ১৯৯৩ সালে একই ধরনের একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে সি ভ্যালে নিশ্চিত করেছে।

বিস্ফোরণের কারণ নিয়ে কোনো ধারণা প্রকাশ করতে রাজি হননি হিকেন, এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

শস্য ধূলিকণা অত্যন্ত দাহ্য একটি উপাদান। শস্য গুদামের মতো আবদ্ধ জায়গায় এগুলো আগুন বা বিস্ফোরণের কারণ হতে পারে। তবে এ ঘটনার ক্ষেত্রে কী ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!