ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘বিয়ের পরিকল্পনা নেই, সে ভারতে ফিরে যাবে’: ভারতীয় নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ২৫ জুলাই ২০২৩
‘বিয়ের পরিকল্পনা নেই, সে ভারতে ফিরে যাবে’: ভারতীয় নারী
ছবি: সংগৃহীত

কিছুদিন আগে পাকিস্তান থেকে চার সন্তানকে নিয়ে প্রেমের টানে ভারতের আসেন এক নারী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার প্রেমের টানে পাকিস্তান পাড়ি জমালেন এক ভারতীয় নারী। তবে ওই নারীকে বিয়ে করবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাকিস্তানি যুবক। এমনকি দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও অস্বীকার করছেন ওই যুবক। 

৩৪ বছর বসয়ী ভারতীয় নারী অঞ্জু বৈধভাবেই পাকিস্তানে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি ২৯ বছর বয়সী পাকিস্তানি প্রেমিক নাসরুল্লাহ’র সঙ্গে দেখা করেন। 

এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ভারতের উত্তর প্রদেশের কাইলর নামক একটি গ্রামে অঞ্জুর বাবার বাড়ি। স্বামীর সঙ্গে তিনি রাজস্থানের আলওয়ারে থাকতেন। 

Advertisement

২০১৯ সালে ফেসবুকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা নাসরুল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব হয়। সীমান্ত পাড়ি দেওয়া অঞ্জু বর্তমানে নাসরুল্লাহর সঙ্গে সেখানেই অবস্থান করছেন। 

বিয়ে নিয়ে ওঠা গুঞ্জন উড়িয়ে দিয়ে সোমবার নাসরুল্লা বলেছেন, অঞ্জুকে বিয়ে করার কোনো পরিকল্পনা তার নেই। তিনি বলেন, অঞ্জু পাকিস্তানে ঘুরতে এসেছে। আমাদের বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। ভিসার মেয়াদ শেষে আগামী ২০ আগস্ট সে তার দেশে (ভারতে) ফিরবে।  

প্রেম নয় অঞ্জুর সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বের এসব কথা জানিয়ে নাসরুল্লাহ বলেন, অঞ্জু এখন আমাদের বাড়িতে। বাড়ির একটি পৃথক ঘরে আমার পরিবারের নারী সদস্যদের সঙ্গে থাকছে সে।

নাসরুল্লারা পাঁচ ভাই। এর মধ্যে তিনি সবার ছোট। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শেরিংগাল বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। অঞ্জুর সঙ্গে বন্ধুত্ব ছাড়া তাঁর কোনো প্রেমের সম্পর্ক নেই, স্থানীয় কর্তৃপক্ষকে হলফনামা (এফিডেভিট) দিয়ে তা নিশ্চিত করেছেন তিনি।

এদিকে অঞ্জুর স্বামীর নাম অরবিন্দ। তাদের দুটি সন্তান আছে। মেয়ের বয়স ১৫ বছর এবং ছেলের বয়স ৬ বছর। অঞ্জুর স্বামী আশা প্রকাশ করছেন, তাঁর স্ত্রী শিগগিরই দেশে ফিরে আসবেন।

অঞ্জুর পাকিস্তান যাওয়ার বিষয়টি দুই দেশের কূটনৈতিক পর্যায় পর্যন্ত গড়িয়েছে। নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে পাঠানো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, অঞ্জুকে ৩০ দিনের ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সে ভিসা শুধু আপার দিরের প্রযোজ্য হবে। অর্থাৎ ভারতে ফেরার আগে পর্যন্ত অঞ্জু আপার দিরের বাইরে পাকিস্তানে আর কোথাও যেতে পারবেন না।

সূত্র: ওউন নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!