ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]
দক্ষিণ আফ্রিকা

সোনার খনিতে ব্যবহৃত গ্যাস লিক করে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৫, ৬ জুলাই ২০২৩
সোনার খনিতে ব্যবহৃত গ্যাস লিক করে ১৬ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বোকসবার্গে বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক হয়েছে। এতে শিশু ও নারীসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর সঙ্গে  অবৈধ সোনার খনির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার বোকসবার্গের একটি অনুমোদনহীন বসতিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে থাকেন। এটি স্থানীয়ভাবে ঝামা ঝামাস নামে পরিচিত। পরিত্যক্ত খনি থেকে মাটি চুরি করে এনে— এই গ্যাসের মাধ্যমে মাটি থেকে সোনার ছোট ছোট দানা খুঁজে বের করা হয়।

বিষাক্ত এ গ্যাসের একটি সিলিন্ডার বোকসবার্গের ঘনবসতিপূর্ণ অ্যাঙ্গেলো সান্টে শহরে পাওয়া যায়। যেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে— সেই স্থানের ১০০ মিটারের মধ্যে নিহতদের পাওয়া যায়।

জরুরি পরিষেবা সংস্থার এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এ ঘটনায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তবে তাদের আশঙ্কা, ঐ এলাকা থেকে আরো মৃতদেহ পাওয়া যেতে পারে। আহত বা নিহতদের খুঁজে বের করতে রাতের বেলায়ও উদ্ধার অভিযান চলছিল।

এদিকে ৬ মাস আগে জোহানেসবার্গেই একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণ হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো গ্যাস দুর্ঘটনায় মৃত্যু দেখল শহরটি।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!