ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলা: জেনিন থেকে পালিয়েছে হাজারো ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ৪ জুলাই ২০২৩
ইসরায়েলি হামলা: জেনিন থেকে পালিয়েছে হাজারো ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। সামরিক আগ্রাসনের তোপে পরে শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে গেছেন হাজার হাজার ফিলিস্তিনি। সোমবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১০০ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

জেনিনের উপগভর্নর কামাল আবু আল-রব বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের জেনিনের শরণার্থী শিবিরের পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র হামলায় পানি ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। শিশুরা ভয়ে কাঁপছে ও কাঁদছে। এখন পর্যন্ত ৩ হাজার মানুষ শরণার্থী শিবির ছেড়েছেন।

Advertisement

তিনি জানিয়েছেন, পালিয়ে যাওয়াদের জেনিনের স্কুল ও অন্যান্য আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেয়া হচ্ছে। এ শরণার্থী শিবিরে প্রায় ১৮ হাজার মানুষ বসবাস করেন।

ফিলিস্তিন রেড ক্রিসেন্টও ৩ হাজার মানুষ পালিয়ে যাওয়ার খবর জানিয়েছে। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, পালিয়ে যাওয়াদের সংখ্যা আরো বাড়বে। কারণ ইসরায়েলিরা জানিয়েছে, তারা আরো কয়েকদিন তাদের অভিযান চালাতে পারে।

সোমবার মধ্যরাত থেকে ড্রোন, বিমান ও স্থল সেনাদের দিয়ে জেনিনে হামলা শুরু করে ইসরায়েল। গত ২০ বছরের মধ্যে এটি দখলদার ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় আগ্রাসন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

জেনিন শহরের উপকণ্ঠে ১৯৫০ সালের দিকে এ শরণার্থী শিবিরটি স্থাপন করা হয়। সাম্প্রতিক সময়ে এটি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রধান কেন্দ্র ও শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। এই প্রতিরোধকে ইসরায়েলিরা জঙ্গি কার্যক্রম হিসেবে দেখে।

গত কয়েকদিন ধরে ইসরায়েলিদের ওপর হামলা চালাচ্ছেন সশস্ত্র ফিলিস্তিনিরা। যারা হামলা চালিয়েছেন তাদের সবাই জেনিনের বাসিন্দা ছিলেন। ইসরায়েল এখন শহরটির শরণার্থী শিবিরে কথিত অভিযানের নামে ফিলিস্তিনি যোদ্ধাদের নির্মূলের চেষ্টা চালাচ্ছে।

এদিকে জেনিনে হামলা করার আগে দখলদার ইসরায়েলি সরকার যুক্তরাষ্ট্রের সম্মতি নিয়ে নেয়। জেনিনে হামলা চালানোর বিষয়টি এখন বড় একটি সংঘর্ষে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!