ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওয়াগনার যোদ্ধাদের সামনে তিনটি বিকল্প পথ দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৪, ২৭ জুন ২০২৩
ওয়াগনার যোদ্ধাদের সামনে তিনটি বিকল্প পথ দিলেন পুতিন
ভ্লাদিমির পুতিন - ফাইল ছবি

রাশিয়ার ভাড়াটে আধা-সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের সশস্ত্র বিদ্রোহ হঠাৎ গোটা বিশ্বের দৃষ্টি ফিরিয়ে নিয়েছিল মস্কোর দিকে, তবে সেই উত্তাপ স্তিমিত হতেও বেশি সময় লাগেনি। ভারী সাঁজোয়া যানের বহর নিয়ে ওয়াগনার বাহিনী মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যে চলে আসলেও বেলারুশের মধ্যস্থতায় নিজ ব্যারাকে ফিরে গেছে তারা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রাশিয়ার ‘স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখে ফেলা দেওয়া’ এই বিদ্রোহের পর ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির (পিএমসি) যোদ্ধাদের সামনে তিনটি বিকল্প পথ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (২৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বিকল্পগুলোর কথা উল্লেখ করেন।

Advertisement

পুতিনের ভাষণ অনুযায়ী, প্রথম বিকল্প হলো—ওয়াগনার যোদ্ধাদের রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তি করে দেশের সেবা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

দ্বিতীয় বিকল্প হলো, ওয়াগনার যোদ্ধারা চাইলে তাদের পরিবার-পরিজন-বন্ধুদের কাছে ফিরতে পারবেন।

আর তৃতীয় বিকল্প হলো, ওয়াগনার যোদ্ধাদের কেউ চাইলে রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশে চলে যেতে পারবেন।

ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিদ্রোহ ঘোষণা করে গত শনিবার তার বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে অভিযাত্রা করেছিলেন। পরে বেলারুশের মধ্যস্থতায় তিনি এই অভিযাত্রা বন্ধ করেন। সমঝোতায় বলা হয়, প্রিগোজিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে আনা অভিযোগ প্রত্যাহার হবে।

বিদ্রোহ থেকে সরে আসার পর গতকাল প্রথমবারের মতো অডিও বার্তা দেন প্রিগোজিন। এতে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!