আটলান্টিক সাগরের গভীরে নিখোঁজ টাইটানের ভেতরে জরুরি অক্সিজেনের মজুদ বৃহস্পতিবার ব্রিটিশ সময় বেলা ১১টায় শেষ হওয়ার কথা, তাই উদ্ধারকাজে নিয়োজিত দলগুলোর জন্য এখন সময়ের সঙ্গে লড়াই চলছে।
রোববার মূল জাহাজ পোলার প্রিন্সের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ডুবোযান টাইটান সাবমার্সিবলে মজুত অক্সিজেনের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসা নিয়ে উদ্বেগ আশঙ্কার মধ্যে উদ্ধার অভিযানের গতি ও পরিধি বাড়ানো হয়েছে।
.png)
গভীর সমুদ্রে অনুসন্ধানে সক্ষম আরও সরঞ্জাম আজ বৃহস্পতিবার সেখানে পৌঁছেছে। আরো সরঞ্জাম পথে রয়েছে।
উদ্ধার অভিযানে এরইমধ্যেই কাজ করছে কানাডার নৌবাহিনী, বিমান বাহিনী, যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী এবং নিউইয়র্কের বিমান বাহিনী।
জানা গেছে গভীর সাগরে দূরনিয়ন্ত্রণের মাধ্যমে চালিত যান - রিমোটলি অপারেটেড ভেহিকেল যার সংক্ষিপ্ত নাম আরওভি – এরকম দুটি আরওভি ঘটনাস্থলে পৌঁছেছে। এর মধ্যে একটি সমুদ্রের তলদেশে গিয়ে নেমেছে।
যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানাচ্ছে কানাডার হরাইজন আর্কটিক জাহাজের সঙ্গে লাগোয়া একটি ডুবোযান সমুদ্রের তলদেশে পৌঁছেছে।
ফরাসি গবেষণা সংস্থা ইফ্রেমে ভিক্টর ৬০০০ নামে তাদের যে আরওভি এই উদ্ধারকাজে মোতায়েন করেছে তা খুবই শক্তিশালী। ফরাসি নৌযান আতালান্তি থেকে এটি পরিচালিত হচ্ছে। এটিও কাজ শুরু করেছে।
গত রোববার আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচ আরোহীকে নিয়ে রওনা দেয় টাইটান। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর সেটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকেই সেটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বেশ কয়েকটি দেশের উদ্ধারকারী দল।