রাতের আঁধারে কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। চালানো এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এতে বলা হয়েছে, রাশিয়ার হামলার পর কিয়েভের একটি পেট্রোল স্টেশনের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন। এছাড়া সেখানে আহত হয়েছেন এক নারী।
.png)
রাশিয়া সম্প্রতি কিয়েভের ওপর আক্রমণ আরো জোরদার করেছে। এর মাধ্যমে মূলত ইউক্রেনের রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে চাইছে রুশ বাহিনী।
আরো পড়ুন>> মাঝ আকাশে বিমানের দরজা খোলার কারণ জানালেন ঐ যাত্রী
এর আগে রোববার উত্তর-পশ্চিমের ভলিন থেকে দক্ষিণ-পূর্বে ডিনিপ্রোপেট্রোভস্ক পর্যন্ত ইউক্রেনের ১২টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা সক্রিয় করা হয়।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মেয়র ক্লিটসকো কিয়েভের বাসিন্দাদের ‘আশ্রয়কেন্দ্রে থাকতে’ অনুরোধ করেন। একইসঙ্গে রুশ হামলার কারণে রাতটি তাদের জন্য ‘কঠিন’ হবে বলেও সতর্ক করে দেন তিনি।
মেয়র ভিটালি ক্লিটসকো আরও বলেন, ড্রোনের টুকরো পড়ে রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় অন্তত দু’টি উঁচু ভবনে আগুন লেগেছে। সেসব এলাকায় জরুরি কর্মীদের মোতায়েন করা হয়েছে।
অবশ্য ইউক্রেন গত কয়েক মাস ধরে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। তবে সেই আক্রমণ শুরুর আগে সৈন্যদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম গ্রহণের জন্য যতটা সম্ভব বেশি সময় নিচ্ছে ইউক্রেন।
সূত্র: বিবিসি