টুথপেস্ট টিউবের মধ্যে মাদক পাচার, গ্রেফতার ৬৫
টুথপেস্ট টিউবের ভেতরে মাদকপাচারের একটি চক্রকে আটক করেছে ভিয়েতনামের পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৫০ কেজি মাদক পাচার করছিল চক্রটি। এ ঘটনায় ৬৫ জনকে আটক করা হয়েছে।
গতমাসে প্যারিস থেকে হো চিমিন সিটিতে যাওয়া একটি ফ্লাইটে হাতে বহন করা ব্যাগে টুথপেস্টের টিউব-সহ ভিয়েতনাম এয়ারলাইন্সের চার কেবিন ক্রু ধরা পড়ার পর এই গ্রেফতারের ঘটনা ঘটল।
ওই কেবিন ক্রুরা বলেছে, তাদেরকে ৬০ কেজি টুথপেস্ট পরিবহনের জন্য ভাড়া করা হয়েছিল। কিন্তু এসব টিউবের ভেতরে যে এক্সট্যাসি, কেটামাইন এবং কোকেইন আছে তা তাদের জানা ছিল না।
আরো পড়ুন>> এবার পাল্টা মার্কিন ট্যাংকার আটক করলো ইরান
ভিয়েতনাম মাদক-পাচারের একটি প্রধান কেন্দ্র। যদিও দেশটিতে বিশ্বের সবচেয়ে কঠোর কিছু মাদক আইন বলবৎ আছে।
বিবিসি জানায়, ভিয়েতনাম এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালকরা যে ৩২৭ টি টুথপেস্ট টিউব পরিবহন করছিলেন সেগুলোর অর্ধেক টিউবই মাদক ভর্তি ছিল।
তদন্তকারীরা বলছেন, ওই ফ্লাইট পরিচালকরা টিউবের ভেতরে কি আছে তা জানতেন না। তারা বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
পুলিশ এ সপ্তাহে জানিয়েছে, একই পথে ভিয়েতনামে মাদকের আরও ছয়টি চালান পাচার হওয়ার বিষয়টি নজরে আসার পর এগুলো চোরাচালানের সন্দেহে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরো পড়ুন>> শুক্রাণু দানের মাধ্যমে হলেন ৬০০ সন্তানের বাবা, থামার নির্দেশ আদালতের
এই চালানগুলোও একই চোরাচালান চক্র পরিচালিত বলে অভিযোগ করা হয়েছে, যে চক্রটি এর আগে ফ্লাইট পরিচালকদের ভাড়া করেছিল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেফতার হওয়া ৬৫ জনের বিরুদ্ধে মাদক কেনা, বেচা, পরিবহন এবং মজুত করা সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে।
পুলিশের ধারণা, চোরাচালানকারী ওই চক্রটি প্রায়ই ফ্রান্সে পড়তে যাওয়া কিংবা বাস করা ভিয়েতনামি নাগরিকদেরকে কাজে লাগিয়ে ভিয়েতনামে মাদক পাচার করে।