ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাখমুতে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ১৫ এপ্রিল ২০২৩
বাখমুতে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী
ছবি: সংগৃহীত

বাখমুতের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর তীব্র গোলা হামলার মুখে ইউক্রেনের সেনারা কিছু এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) নতুন গোয়েন্দা তথ্যে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার আপডেটে বলা হয়েছে, দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরে রাশিয়া পুনরায় আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের মধ্যে সহযোগিতার অগ্রগতি হওয়ার পর নতুন হামলা চালাচ্ছে তারা।

Advertisement

আরো পড়ুন>> নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার তেল রফতানির রেকর্ড

বিবৃতি অনুসারে, ইউক্রেনীয় বাহিনী রসদ ও সামরিক সরঞ্জাম পেতে সমস্যায় পড়েছে। কিন্তু যেসব এলাকা ছাড়তে তারা বাধ্য হয়েছে সেখানে সুশৃঙ্খলভাবে পিছু হটেছে।

বাখমুত দখলের রুশ আক্রমণের নেতৃত্বে রয়েছে ওয়াগনার গ্রুপ। বিগত কয়েক সপ্তাহ ধরে ভাড়াটে এই বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করছিলেন, রুশ সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে তার যোদ্ধারা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না।

ব্রিটিশ গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেন এখনও বাখমুতের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কিন্তু গত ৪৮ ঘণ্টা ধরে তারা রুশ গোলাবর্ষণের শিকার হচ্ছে। ওয়াগনার গ্রুপের ইউনিটগুলো বাখমুতের কেন্দ্রের দিকে অগ্রসর হতে মনোনিবেশ করেছে। একই সময়ে রুশ প্যারাট্রুপাররা শহরের আশেপাশে তাদের সহযোগিতা করছে।

আরো পড়ুন>> ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। পুরো শীতকালজুড়ে রাশিয়ার আক্রমণের প্রধান ছিল এই শহর দখল করা। কিন্তু এখনও তা পুরোপুরি দখল করতে পারেনি মস্কো। শহরটি দখল করতে পারলে গত আট মাসের মধ্যে রাশিয়ার প্রথম উল্লেখযোগ্য বিজয়।

মস্কো বলে আসছে, এটি ইউক্রেনের পূর্ব দোনবাস অঞ্চলে আরও বেশি এলাকা দখলের একটি পথ খুলে দেবে। দোনবাস অঞ্চল দখল করা যুদ্ধে মস্কোর প্রধান লক্ষ্য।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!