বিশ্বের দীর্ঘতম এ সড়কপথের যাত্রায় এক বাসে চেপে ইস্তাম্বুল থেকে লন্ডন পৌঁছাতে সময় লাগবে ৫৬ দিন। খবর সিএনএনের।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ভারতীয় ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড চালু করতে যাচ্ছে এই বাস যাত্রীসেবা। এটাকে বিশ্বের দীর্ঘতম বাস যাত্রা হিসেবে মনে করা হচ্ছে।
.png)
সিএনএন আরো জানায়, ইস্তাম্বুল থেকে যাত্রা শুরুর পর লন্ডনে পৌঁছানোর মাঝে বিশ্বের ২২টি দেশের ভেতর দিয়ে যাবে অ্যাডভেঞ্চার ওভারল্যান্ডের বাস। আগামী আগস্ট মাসে এই পথে বাসের যাত্রীসেবা শুরুর কথা রয়েছে। প্রথম যাত্রায় বাসটিতে ৩০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।
যাত্রা শুরুর পর বাসটির বলকান, পূর্ব ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া ও পশ্চিম ইউরোপ হয়ে লন্ডনে পৌঁছাতে সময় লাগবে ৫৬ দিন।
ফিনল্যান্ড উপসাগরে ফেরিতে বাসটি পার হবে। তারপর ইউরোপ মহাদেশের সর্বউত্তরের পয়েন্ট নর্ডক্যাপ হয়ে নরওয়ের জর্ডসের দীর্ঘ, গভীর ও সরু জলপথ পেরিয়ে লন্ডনে যাবে। তুরস্ক থেকে যাত্রা শুরুর পর লন্ডনে পৌঁছাতে বাসটিকে পাড়ি দিতে হবে ১২ হাজার কিলোমিটার পথ।
এ যাত্রায ভ্রমণকারীদের পরিশোধ করতে হবে ২৪ হাজার ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৫ লাখ ৫৬ হাজার ২৯৬ টাকার বেশি।
এ যাত্রায় যাত্রীদের হোটেলে অবস্থান, সকালের নাস্তার পাশাপাশি ৩০ দিনের মধ্যাহ্নভোজ ও রাতের খাবারের ব্যবস্থাও থাকবে।
প্রায় দুই মাস ধরে বাসে ভ্রমণ কোনো কোনো যাত্রীর কাছে তেমন ভালো নাও লাগতে পারে। সেজন্য দীর্ঘপথের যাত্রার বিষয়টি মাথায় রেখে গাড়িটিকে অত্যন্ত আরামদায়ক হিসেবে নকশা করা হয়েছে।