ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আল্পস পর্বতমালার তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩
আল্পস পর্বতমালার তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু
ছবি: প্রতীকী

অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে আল্পস পর্বতমালায় পর পর কয়েক দিনের ভারি তুষারধসের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদন বলছে, নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটকরা রয়েছেন। গত কয়েকদিনে বিভিন্ন স্কি রিসোর্টে তুষারধসে প্রাণ হারিয়েছেন তারা। 

জানা যায়, ঐ এলাকায় তীব্র তুষারপাত ও বাতাসের জেরে চার মাত্রার তুষারধস সতর্কতা জারি করেছিল অস্ট্রিয়ান কর্তৃপক্ষ। তুষারধসের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।

এরই মধ্যে অস্ট্রিয়ান পুলিশ পাঁচজনের মৃত্যুর কথা ঘোষণা করেছে। নিহতদের মধ্যে ৫৯ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। এছাড়া সংকট আন্টন অ্যাম আরলবার্গের একজন স্কি গাইড এবং হোহে আইফনারের চূড়ার পাশে ক্রস-কান্ট্রি স্কিইং করা ৬২ বছর বয়সী এক ব্যক্তির মরদেহও উদ্ধার করা হয়েছে।

Advertisement

এর আগে, নিউজিল্যান্ডের ১৭ বছর বয়সী একজন, ৩২ বছর বয়সী এক চীনা নাগরিক এবং পঞ্চাশোর্ধ্ব এক জার্মান পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। তুষারধসের সময় তারা সবাই স্কিইং করছিলেন বলে জানানো হয়েছে।

এদিকে, সুইজারল্যান্ডে গ্রাবুয়েনডেনের দক্ষিণ-পূর্ব ক্যান্টনে তুষারধসে ৫৬ বছর বয়সী এক নারী এবং ৫২ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। সুইস পুলিশের বক্তব্য বলছে, তাদের গ্রুপের তৃতীয় সদস্য অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন।

প্রসঙ্গত, অস্ট্রিয়া-সুইজারল্যান্ড উভয় দেশেই তুষারধস সাধারণ ঘটনা। অস্ট্রীয় বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, গত কয়েকদিনের মধ্যে দেশটির টাইরল অঞ্চলেই ৩০টি তুষারধসের খবর পাওয়া গেছে। এর মধ্যে ১১টিতে মানুষের উপস্থিতি ছিল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!