ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জরুরি অবস্থার মেয়াদ ৬ মাস বাড়ালো মিয়ানমার জান্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ২ ফেব্রুয়ারি ২০২৩
জরুরি অবস্থার মেয়াদ ৬ মাস বাড়ালো মিয়ানমার জান্তা
মিন অং হ্লাইং - ফাইল ছবি

মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ দেশটির জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টিভিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ত সোয়ে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চির সরকার পতন ঘটায়। এরপর ক্ষমতা দখল করে জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ বাড়াতেই থাকে। আর অভ্যুত্থানে ক্ষমতা দখলের পূর্তিতে জান্তা আবারও সময় বাড়াল। তবে এই ঘোষণার ফলে সামরিক সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন বিলম্বিত হতে পারে।

আরো পড়ুন>> বিশেষ জাতের ছাগল রান্না করে খেলেন চিড়িয়াখানার কর্মকর্তারা!

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কমান্ডার ইন চিফ মিন অং হ্লাইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তার অনুরোধ মেনে জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।

মিন অং হ্লাইংকে উদ্ধৃত করে এমআরটিভি বলেছে, মিয়ানমার সেনাবাহিনী নির্বাচনের আয়োজনের জন্য কাজ করবে। আমাদের সরকার দেশের প্রতিটি অংশে নির্বাচন আয়োজনের জন্য কাজ করবে। যাতে করে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার না হারায়। 

তবে নির্বাচন আয়োজনের কোনও নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন আয়োজন হবে না। সমালোচকরা বলছেন, যে কোনও নির্বাচন হবে একতরফা। এই নির্বাচনের লক্ষ্য থাকবে সেনাবাহিনীকে ক্ষমতায় থাকার অনুমোদন দেওয়া।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!