অবশেষে মার্কিন পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি
ব্যাপক নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন কেভিন ম্যাকার্থি। একদফা-দু’দফা নয়, দীর্ঘ ১৫ দফা ভোটাভুটির পর স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির এ নেতা।
শনিবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন জানায়, ম্যাকার্থির পক্ষে ভোট পড়েছে ২১৬টি আর তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস পেয়েছেন ২১২ ভোট। প্রতিনিধি পরিষদের আরো ছয় সদস্য ‘প্রেজেন্ট’ ভোট দিয়েছেন।
রিপাবলিকানরা সদস্যরা এর আগে কেভিন ম্যাকার্থিকে মনোনীত করতে সম্মত হয়েছিলেন। কিন্তু শেষমুহূর্তে দলটির কয়েকজন নেতা সমর্থন প্রত্যাহারের হুমকি দিলে ৫৭ বছর বয়সী এ নেতার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে।
এ নিয়ে কয়েক দিনের অচলাবস্থার পর শুক্রবার রাতে চরম নাটকীয়তা সৃষ্টি হয়। ১৪তম ভোটাভুটিতে আর মাত্র একটি ভোট পেলেই স্পিকার পদ নিশ্চিত হতো ম্যাকার্থির। কিন্তু নিজ দলীয় সদস্য ম্যাট গেটজ ভোট দিতে রাজি না হলে আরো একবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ম্যাকার্থি। এ নিয়ে প্রতিনিধি পরিষদে হট্টগোলও শুরু হয়। এমনকি একপর্যায়ে রিপাবলিকান নেতা মাইক রজার্সকে টেনে সরিয়ে নিতে হয়েছিল।
আরো পড়ুন>> শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র!
সিএনএনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম দীর্ঘতম প্রতিযোগিতার পর হাউজ স্পিকার নির্বাচিত হয়েছেন কেভিন ম্যাকার্থি। তার বিজয়ে মার্কিন কংগ্রেসে ১৬৪ বছরের মধ্যে দীর্ঘতম অচলাবস্থার অবসান ঘটলো।
বিজয়ী ঘোষণার পর ম্যাকার্থি সবার উদ্দেশ্যে বলেন, আমি খুশি যে এটা (ভোটাভুটি) শেষ হলো।
নতুন স্পিকারকে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।