ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]
জানালো আমিরাত

মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাবনা ২৩ মার্চ, যেদিন হতে পারে ঈদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ৬ জানুয়ারি ২০২৩
মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাবনা ২৩ মার্চ, যেদিন হতে পারে ঈদ
ফাইল ফটো

চলতি বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস আগামী ২৩ মার্চ শুরু হতে পারে। রোজা হতে পারে ২৯টি। সেই হিসাবে আগামী ২১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি স্থানীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে এ তথ্য জানিয়েছে।

এদিন সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আশা করা হচ্ছে, এ বছর পবিত্র রমজান মাস আগামী ২৩ মার্চ, বৃহস্পতিবার শুরু হবে এবং থাকবে ২৯ দিন। ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২১ এপ্রিল, শুক্রবার।

তিনি বলেন, এ বছর বেশির ভাগ মুসলিম ও আরব দেশগুলোতে রমজান মাস একই দিন শুরু হতে পারে। তবে কিছু জায়গায় চাঁদ দেখতে পাওয়া কঠিন হলে মাসের শেষ দিন ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইব্রাহিম আল জারওয়ান জানান, এ বছর আমিরাতি রোজাদাররা দিনে প্রায় ১৪ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকবেন। তিনি বলেন, রমজানের শুরুতে মানুষ ১৩ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবে। কিন্তু পবিত্র মাসের শেষের দিকে রোজা প্রায় ১৪ ঘণ্টা ১৩ মিনিট স্থায়ী হবে।

সংযুক্ত আরব আমিরাতে সাধারণত ঈদুল ফিতরের ছুটি থাকে ২৯ রমজান থেকে ৩ শাওয়াল পর্যন্ত। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এ বছর সেটি আগামী ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত থাকতে পারে।

আরবি ক্যালেন্ডারে নবম মাস রমজান। এসময় বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা সৃষ্টিকর্তার সন্তুষ্টিলাভের আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। রমজান শেষে শাওয়াল মাসের প্রথমদিন উদযাপিত হয় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রোজা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!