ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মার্কিন পাইলটের গোপন তথ্য ফাঁস!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ১৩ ডিসেম্বর ২০২২
মার্কিন পাইলটের গোপন তথ্য ফাঁস!
প্রতীকী ছবি

অস্ত্র নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ও গোপন তথ্য ফাঁসের অভিযোগে বিমান বাহিনীর এক সাবেক পাইলটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের আদালত। চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পাইলটদের প্রশিক্ষণ দেওয়ায় এ অভিযোগ আনা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত পাইলট ড্যানিয়েল ডাগান বর্তমানে অস্ট্রেলিয়ায় পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নীতি লঙ্ঘন করে চীনের পাইলটদের প্রশিক্ষণ ও গোপন তথ্য ফাঁস করেছেন। ড্যানিয়েলের বিরুদ্ধে এ নিয়ে প্রথম মামলা করা হয় ২০১৭ সালে। এখন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র।

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া থেকে ড্যানিয়লে ডাগানকে আটক করে অস্ট্রেলিয়ার নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্রের অনুরোধেই তাকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, চীনের পাইলটদের প্রশিক্ষণের মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘন করেছেন ড্যানিয়েল।

অভিযোগপত্রে বলা হয়, ড্যানিয়েল দক্ষিণ আফ্রিকায় একটি বেসরকারি বিমান চালনা প্রশিক্ষণ কেন্দ্রে চীনের পাইলটদের ২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে মোট তিনবার প্রশিক্ষণ দেন।

বিমানবাহী রণতরীতে নিখুঁতভাবে বিমান অবতরণের বিষয়ে চাইনিজ পাইলটদের প্রশিক্ষণ দেন ড্যানিয়েল। তার সঙ্গে জড়িত ছিলেন একজন দক্ষিণ আফ্রিকান ও একজন ব্রিটিশ নাগরিক। তবে এ দুজনের নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যের পাইলটরাও অর্থের বিনিময়ে চীনের পাইলটদের প্রশিক্ষণ দেন। এসব তথ্য সামনে আসার পর যুক্তরাজ্য তাদের সাবেক পাইলটদের এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।

এদিকে, ড্যানিয়েলের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তার আইনজীবী ডেনিস মিরালিসের মন্তব্য নিতে যোগাযোগ করে রয়টার্স। তবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে অবশ্য এই আইনজীবী জানান, ড্যানিয়েল যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: পাইলট
লিংক সফলভাবে কপি হয়েছে!