ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

শিশুটিকে কামড়াচ্ছিল কুকুরের দল (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৮, ৬ জানুয়ারি ২০২২
শিশুটিকে কামড়াচ্ছিল কুকুরের দল (ভিডিও)
সিসিটিভির ক্যামেরায় ধারণকৃত দৃশ্য (ছবি: এনডিটিভি)

চার বছরের এক শিশুকে একা পেয়ে তার ওপর হামলা করেছে পাঁচটি কুকুর। এ সময় কুকুরগুলো শিশুটির মাথায়, মুখে, পায়ে, হাতে কামড়াতে থাকে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অঞ্জলী বিহার কলোনি এলাকায়। 

রোববার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার একা হাঁটছিল শিশুটি। ঐ সময় কুকুরের দল তার পিছু নেয়। একপর্যায়ে একটি ফাঁকা জায়গায় শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। শিশুটির মুখে, মাথায়, হাতে, পায়ে কামড় দিতে শুরু করে কুকুরগুলো। পাশে থাকা এক ভবনের সিসিটিভির ক্যামেরায় সে দৃশ্য ধরা পড়ে। 

কুকুরের আক্রমণের সময় আশপাশে কাউকে দেখা যায়নি। তবে হঠাৎ এক ব্যক্তি এসে কুকুরগুলোর দিকে তেড়ে যান। পরে তাদেরকে তাড়িয়ে দিয়ে শিশুটিকে উদ্ধার করেন তিনি। পরে আহত উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রাস্তার কুকুর ক্রমশই আতঙ্কে পরিণত হয়েছে। গত বছর ভোপালের কোহেফিজা এলাকায় সাত বছর বয়সী এক শিশুর ওপর হামলে পড়ে রাস্তার কুকুর। এ সময় শিশুটির মা সেখানে উপস্থিত থাকলেও বাচ্চাটির ওপর চড়াও হয় কুকুরগুলো।

এর আগে ২০১৯ সালে মায়ের সামনেই রাস্তার কুকুরের আক্রমণে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়। এ সময় শিশুটির মা সন্তানকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন।

 

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!