ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফের বিক্ষোভে নামছে ট্রাম্প সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ১৪ নভেম্বর ২০২০
ফের বিক্ষোভে নামছে ট্রাম্প সমর্থকরা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ আনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করতে রাস্তায় নামছে তার সমর্থকরা।

শনিবার ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে এই আয়োজনের বিপরীতে পাল্টা বিক্ষোভের আয়োজন করেছে দেশটির বিভিন্ন বামপন্থী সংগঠন।

সদ্যই শেষ হওয়া এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকার করে আসছেন ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে বেশ কিছু অঙ্গরাজ্যেমামলা করেছেন তিনি।

ট্রাম্পের দাবি, তিনিই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প পূর্ববর্তী অবস্থান থেকে খানিকটা সরে এসে বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সময়ই বলে দেবে।

৭ নভেম্বর বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর পরই বেশ কয়েকটি বিক্ষোভ করেছে তার সমর্থকরা। তবে সেগুলো আকারে ছোট ছিল। ট্রাম্পের ভোট জালিয়াতির ভিত্তিহীন দাবিকে সমর্থন জানিয়ে শনিবার আবারও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ওথ কিপারস মিলিশিয়া ও প্রাউড বয়েজের সদস্যরাসহ বিভিন্ন উগ্র-ডানপন্থী ট্রাম্প সমর্থকরা এতে অংশ নেবে।

আয়োজক সংগঠনগুলো র‌্যালিগুলোর বিভিন্ন নাম দিয়েছে। এর মধ্যে রয়েছে-মিলিয়ন এমএজিএ মার্চ, দ্য মার্চ ফর ট্রাম্প এবং স্টপ দ্য স্টিল। ট্রাম্পের ক্যাম্পেইন স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ এর সংক্ষিপ্ত নাম এমএজিএ। বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে এরইমধ্যে জয় নিশ্চিত করা জো বাইডেন রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া রাজ্যেও জয় পেয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে ৩০৬টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন তিনি। এদিকে নর্থ ক্যারোলিনা রাজ্যে জয় নিশ্চিত করা ডোনাল্ড ট্রাম্প মোট ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২৩২টি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!