৩৫ বছর পর কন্যা সন্তান এলো ঘরে, নাতনি ঘরে আনতে হেলিকপ্টার ভাড়া করলেন দাদা
ভারতের উত্তরাখণ্ড প্রদেশের ১৩২টি গ্রামে তিন বছরের মধ্যে কোনো কন্যা শিশুর জন্ম হয় নি। এমন গ্রামের কথা আমরা শুনেছি। কিন্তু কখনো কি শুনেছেন? গত ৩৫ বছরে কোনো কন্যা সন্তান জন্ম হয় নি এমন কথা। কি শুনে একটু অবাক হলেন নিশ্চয়? অবাক হওয়ারই কথা। তেমনটাই ঘটেছে ভারতের রাজস্থানের একটি পরিবারে।
জানা যায়, ওই পরিবারে ৩৫ বছর পর প্রথম কোনো মেয়ে সন্তানের জন্ম হয়েছে। এই বিশেষ মুহূর্তকে বিশেষভাবে উদযাপন করতে নবজাতককে বাসায় আনার জন্য শ্বশুরবাড়ির মানুষ হেলিকপ্টার ভাড়া করেন। গত মাসে রাজস্থানের নাগাউর জেলা হাসপাতালে হনুমান প্রজাপত এবং তার স্ত্রী চুকি দেবীর ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়।সন্তান হওয়ার পর সেখান থেকে বাবার বাড়ি হারসোলাভ গ্রামে চলে যান ওই নারী। ৪০ কিলোমিটার দূরেই স্ত্রীর বাবার বাড়ি। তবে হেলিকপ্টার সেই দূরত্ব ১০ মিনিটেই পাড়ি দিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই পথটুকু হেলিকপ্টারে করে আসতে তাদের প্রায় সাড়ে চার লাখ রুপি খরচ হয়েছে। এই পরিবার হেলিকপ্টারে উঠছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। হনুমান এবং তার তিন আত্মীয়সহ হেলিকপ্টারে করে হারসোলাভ যান। সেখান থেকে পরে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে ফের হেলিকপ্টারে উঠে বাড়ি ফেরত আসেন। ওই কন্যা সন্তানের নাম রাখা হয় রিয়া। ছোট রিয়াকে এভাবে স্বাগত জানানোর আইডিয়া নাকি হনুমানের বাবা মদনলাল কুমহারের।
পিটিআইকে প্রাজপত বলেন, আমার রাজকন্যার আগমনকে খুব বিশেষ করে তুলতে চাইছিলাম। আমার কন্যাটি আমার এবং আমাদের পরিবারের জন্য কতটা বিশেষ তা দেখানোর জন্য এটি করেছি।