ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

এবার ট্রাম্পকে সমর্থন জানিয়ে ‘শক্তিশালী’ বললেন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১:৪৪, ১৪ জুলাই ২০২৪
এবার ট্রাম্পকে সমর্থন জানিয়ে ‘শক্তিশালী’ বললেন মাস্ক
ছবি: অন্তর্জাল

ধনকুবের এবং স্পেস এক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানালেন। এছাড়াও ট্রাম্পকে ‘শক্তিশালী’ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভায় গুলি চালান থমাস ম্যাথিউ ক্রুকস। এতে ট্রাম্প বেঁচে যান কিন্তু তার কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়। ডান কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন তিনি। তবে সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে মারা যান ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী থমাস।

ট্রাম্পের ওপর এ হামলার ঘটনায় বিশ্ব নেতাদের পাশাপাশি নিন্দা জানিয়েছেন ইলন মাস্ক। পাশে থাকার কথা জানিয়ে ট্রাম্পকে ‘শক্তিশালী’ মানুষ হিসেবে অভিহিত করেছেন তিনি।

Advertisement

নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের রক্তমাখা মুখের একটি ভিডিও শেয়ার করেছেন মাস্ক। সেখানে লেখেন সমর্থনের কথা। রাজনৈতিক সচেতনদের মতে, মাস্কের এই সমর্থন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটাই এগিয়ে রাখবে ট্রাম্পকে।

এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে সমর্থন দিয়ে মাস্ক আরো লিখেছেন, ‘আমেরিকা সবশেষ যে শক্তশালী জনপ্রতিনিধি পেয়েছিল, তিনি ছিলেন থিওডর রুজভেল্ট’।

উল্লেখ্য, বছর খানিক আগেও ট্রাম্প-মাস্ক এর সম্পর্ক এতটা গভীর ছিল না। ২০২২ সালের জুলাইয়ে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের জন্য ‘বেশি বুড়ো’ হিসেবে অভিহিত করেছিলেন মাস্ক। তবে সম্প্রতি ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, ইলন মাস্ক এমন এক গোষ্ঠীকে চাঁদা দিয়েছেন, যারা নির্বাচনে ট্রাম্পকে জয়ী করার জন্য কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!