২০২৩ সালে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বিচারে শীর্ষে রয়েছে ফেসবুক। এরপরই রয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার অ্যাপ।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যমতে, টিকটকের প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও বর্তমানে তা নিম্নমুখী। ২০২২ সালে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১২ শতাংশ বাড়লেও ২০২৩ সালে ৩ শতাংশ কমেছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটার সুবিধা ‘টিকটক শপ’ চালুর পর থেকেই ব্যবহারকারীর সংখ্যা বাড়ার হার কমছে টিকটকে।
.png)
টিকটক শপের মাধ্যমে ভিডিও নির্মাতারা লাইভ ভিডিও এবং ফিডে পণ্য ট্যাগ সুবিধা যুক্ত করে বিভিন্ন পণ্য বিক্রি করার সুযোগ পেয়ে থাকেন। ফলে ব্যবহারকারীও টিকটক অ্যাপ থেকে সরাসরি বিভিন্ন পণ্য কিনতে পারেন। বিক্রেতারা স্বাগত জানালেও টিকটক শপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের। তাদের দাবি, টিকটক শপের কারণে বিজ্ঞাপন বেশি দেখানো হচ্ছে। ফলে সাধারণভাবে টিকটকের ভিডিও দেখা সম্ভব হচ্ছে না।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ টিকটক শপের বিরুদ্ধে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন। তাদের দাবি, টিকটক শপ সুবিধা অ্যাপটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। টিকটক অ্যাপ এখন পণ্য কেনাবেচার মাধ্যম হয়ে উঠেছে।