ইনস্টাগ্রাম ‘অ্যাডাল্ট’ কনটেন্ট: ইলন মাস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটার মালিকানাধীন ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামকে অ্যাডাল্ট কনটেন্ট ওয়েবসাইটের সঙ্গে তুলনা করলেন ইলন মাস্ক।
এর আগেও মেটার অধীন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে মন্তব্য করেছিলেন মাস্ক। তখন টুইটার বা এক্সকে নকল করে মেটা থ্রেডস অ্যাপ এনেছে বলে অভিযোগ তুলেছিলেন। এবার ইনস্টাগ্রাম নিয়ে টিপ্পনি কাটলেন।
বিশ্বের সব থেকে বেশি ব্যবহার হওয়া সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম। যেই প্ল্যাটফর্মে মাসিক ২০০ কোটি অ্যাক্টিভ ইউজার। এই রকম বড় মাপের সোশ্যাল মিডিয়া অ্যাপের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন ইলন। বিশ্বে সব থেকে বেশি ভিজিট হওয়া ষষ্ঠ ওয়েবসাইট ইনস্টাগ্রাম।
এই অ্যাপের মালিক বর্তমানে মেটা। যার সিইও মার্ক জাকারবার্গ। নাম না করে তার সাইট ইনস্টাগ্রামকে অ্যাডাল্ট কন্টেন্ট সাইট ওনলিফ্যান্সের সঙ্গে তুলনা করলেন মাস্ক। এমন মন্তব্য ফের একবার দুইজনের মধ্যে বিতর্ক সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অনেকে।
আসলে, মার্ক জাকারবার্গ এবং ইলন মাস্কের মধ্যে কথার লড়াইয়ের সূত্রপাত অনেক দিন আগে থেকেই। যখন টুইটার বা এক্স-কে নকল করে থ্রেডস নামেক একটি অ্যাপ আনে ইনস্টাগ্রাম। তারপর থেকেই মেটার বিরুদ্ধে একাধিক মন্তব্য শোনা যায় ইলন মাস্কের মুখে।
সম্প্রতি ডজিডিজাইনার নামের এক এক্স ব্যবহারকারী প্রশ্ন করেন ইনস্টাগ্রাম এবং ওনলিফ্যান্সের সঙ্গে মধ্যে কী তফাৎ রয়েছে? তার উত্তরে ইলন মাস্ক রিপ্লাই দেন, ‘প্রিটি মাচ’।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা ছাড়াও শর্টস ভিডিও, রিল শেয়ার করা যায়। বিশ্বের বড় বড় তারকারা অ্যাক্টিভ থাকেন এই অ্যাপে। কিন্তু এই প্ল্যাটফর্মে অ্যাডাল্ট কন্টেন্টের পরিমাণ দিন কে দিন বেড়েই চলেছে বলে অভিযোগ করেছেন অনেকে।
মেটার বিরুদ্ধে ইলন মাস্কের এ হেন মন্তব্য প্রথম নয়। থ্রেডস আসতেই মার্ক জাকারবার্গকে চোর বলেন তিনি। তার অভিযোগ এক্স-কে নকল করে এই অ্যাপ এনেছে মেটা। যা লঞ্চ হওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই ১ কোটি ইউজার সাইন আপের মাইলস্টোন অতিক্রম করে।
সম্প্রতি ফেসবুকের নাম পরিবর্তন করার প্রস্তাবও দিয়েছেন ইলন মাস্ক। তিনি বলেন ফেসবুকের শেষ অক্ষরে ‘K’ সরিয়ে ‘B’ বসালে তিনি মার্ক জাকারবার্গকে ১ বিলিয়ন ডলার দেবেন। কিছুদিন আগে তার এবং মার্ক জাকারবার্গের মধ্যে বদ্ধ খাঁচায় লড়াইয়ের কথাও ঘোষণা করেছিলেন তিনি।
এই লড়াই লাইভ স্ট্রিমিংও করা হবে বলে জানান তিনি। যদিও সেই খাঁচা বদ্ধ লড়াই বাস্তবে হয়ে ওঠেনি। টেক দুনিয়ার দুই বড় ব্যক্তিত্ব ইলন মাস্ক এবং মার্ক জাকারবার্গ। কিন্তু সম্প্রতি দু’জনের মধ্যে এই কথার লড়াই আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
যদিও ইনস্টাগ্রামে বিরুদ্ধে ইলন মাস্কের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও কিছু প্রতিক্রিয়া দেয়নি মেটা বা সংস্থার সিইও মার্ক জাকারবার্গ।