ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আইফোন ১৫, যা জানাল অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:০৩, ১ অক্টোবর ২০২৩
অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আইফোন ১৫, যা জানাল অ্যাপল
ছবি: সংগৃহীত

গত ১২ সেপ্টেম্বর অ্যাপল তাদের নতুন আইফোন ১৫ সিরিজের ঘোষণা দেয়। এরপর ২২ সেপ্টেম্বর ফোনগুলো বাজারে আসে। কিন্তু এক সপ্তাহ না যেতেই ব্যবহারকারীরা নানা সমস্যার মুখে পড়ছেন। এর মধ্যে অন্যতম, অতিরিক্ত গরম হয়ে যাওয়া।

খুব দ্রুত এবং মাত্রাতিরিক্ত গরম হয়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে অ্যাপল জানিয়েছে, তারা এর পেছনে মূল কারণটি চিহ্নিত করতে পেরেছে। অপারেটিং সিস্টেম আইওএস ১৭-এর একটি ত্রুটি এর পেছনে অন্যতম কারণ, যা শিগগির আপডেটের মাধ্যমে ঠিক করা হবে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ম্যাশেবলের এক প্রতিবেদনে গ্রাহকদের অভিযোগের বরাত দিয়ে বলা হয়, নতুন আইফোন অনেক গরম হয়ে যায়। কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, গেম খেলার সময় তাদের ডিভাইসটি অত্যধিক গরম হয়ে যায়।

Advertisement

উচ্চ কোয়ালিটির ফোরকে ভিডিও ধারণের সময়ও নতুন আইফোন গরম হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ বলছেন, এমনকি চার্জ দিলেও ফোন গরম হয়ে যাচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর পরই অ্যাপ নির্মাতাদের সঙ্গে আলাদা করে কাজ করছে অ্যাপল। 

এর আগে ব্যবহারকারীদের নতুন আইফোন মাত্রাতিরিক্ত গরম হওয়ার কারণ হিসেবে অ্যাপল বলেছিল, এই ডিভাইসগুলো প্রথম কয়েকদিন বেশি গরম হতে পারে। সেটআপ ও রিস্টোর করার পর ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো প্রক্রিয়া চলতে থাকে দেখে এরকম হতে পারে।

অ্যাপল আরও জানিয়েছে, কিছু থার্ড পার্টি অ্যাপের সাম্প্রতিক আপডেটের কারণেও সিস্টেমের ওপর বাড়তি চাপ পড়ছে। এ ধরনের কয়েকটি অ্যাপ হল অ্যাসফল্ট ৯ নামের একটি গাড়ির গেম, মেটা'র ইনস্টাগ্রাম ও উবার। অ্যাপল জানিয়েছে, ইতোমধ্যে এ সমস্যার সমাধান করে নতুন আপডেট দিয়েছে ইনস্টাগ্রাম।

অ্যাপল আরও দাবি করেছে, ফোন একটু বেশি গরম হলেও এতে নিরাপত্তা ঝুঁকি নেই বা শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই। এতে দীর্ঘমেয়াদে ফোনের টিকে থাকার ওপরও কোনো প্রভাব পড়বে না।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!