ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

বিশ্বের সর্বকনিষ্ঠ গেম ডেভেলপার ৬ বছরের শিশু

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০০:৫৪, ৮ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বের সর্বকনিষ্ঠ গেম ডেভেলপার ৬ বছরের শিশু
সিমার খুরানা- ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম ডেভেলপার হিসেবে খ্যাতি অর্জন করেছেন কানাডার অন্টারিও’র বাসিন্দা সিমার খুরানা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে খুব আনন্দ প্রকাশ করেছেন এ ডেভেলপার। ভবিষ্যতে আরো রেকর্ড করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৬ বছর বয়সী সিমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম বিকাশকারী হিসেবে স্থান পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সিমার খুরানা যখন তার প্রথম ভিডিওগেম তৈরি করেছিলেন তখন তার বয়স ছিল ৬ বছর ৩৩৫ দিন। কোডিং শেখার জন্য তিনি সপ্তাহে তিনটি ক্লাস করেন। তার বয়স অন্যান্য কোডারদের হতবাক করেছিল, তাদের এটা বিশ্বাস করা কঠিনও ছিল। কিন্তু সিমার খুরানার বাবা পারস খুরানা তাকে বিশ্বাস করতেন এবং সহযোগিতা করেছেন।

সিমারের বাবা জানান, সিমার ইউটিউবে ভিডিও দেখে নিজেই গণিত শিখেছিলেন। কিন্ডারগার্টেনে থাকাকালীন গ্রেড ৩ এর গণিত সমাধান করতে পারতেন। তার যা কিছু ছিল তা দিয়ে তিনি কারুশিল্প এবং গেম তৈরি করতেন, কখনো কখনো শুধু বর্জ্য কাগজ থেকেও কারুশিল্প তৈরি করেছেন।

তিনি বলেন, আমি অনুভব করেছি, সিমার স্বাভাবিকভাবেই কোডিংয়ে পারদর্শী হবে। কারণ, তার দক্ষতার একটি আদর্শ সমন্বয় ছিল। তাই, আমি তাকে একজন শিক্ষকের কাছে দিতে চেয়েছি এবং সে এটা বেশ আগ্রহের সঙ্গেই গ্রহণ করেছে।

সিমার প্রথম যে গেমটি তৈরি করেছিলেন তার নাম ‘হেলদি ফুড চ্যালেঞ্জ’। মূলত, একজন ডাক্তার তাকে ‘জাঙ্ক ফুড’ খাওয়া বন্ধ করতে বলার পর তিনি এই ধারণা নিয়ে আসেন। সিমার বলেন, ডাক্তার আমাকে স্বাস্থ্যকর খাবার খেতে বলেন। তাই আমি স্বাস্থ্যকর খাবার এবং জাঙ্ক ফুড নিয়ে একটি গেম তৈরি করার সিদ্ধান্ত নিই।

সিমার তার মতো বাচ্চাদের স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর খাবারের মধ্যে পার্থক্য শিখতে সাহায্য করতে চান। সেই সঙ্গে কেন খুব বেশি জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় তা নিয়ে একধিক ভিডিও গেম বানাতে চান। তিনি গণিত এবং কোডিং পছন্দ করেন। বড় হওয়ার পর গেম ডেভেলপার হতে চান বলেও জানান সিমার খুরানা।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!