ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

ডায়াবেটিক রোগীর ঝুঁকি বাড়ায় যেসব খাবার

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ৩১ মে ২০২৪
ডায়াবেটিক রোগীর ঝুঁকি বাড়ায় যেসব খাবার
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

পৃথিবীতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে আপনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারেন। লিভার, কিডনিসহ ভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে। এই রোগে আক্রান্ত হলে অবশ্যই জীবনযাপন পরিবর্তন আনতে হবে।

আজকের আয়োজনে থাকছে এমন কিছু খাবারের নাম, যা কখনো ডায়াবেটিক রোগীর খাওয়া উচিত নয়।

ফলের রস: অনেকেই মনে করেন ফলের রস স্বাস্থ্যকর। কিন্তু আপনি কি জানেন, ডায়াবেটিক রোগীর ফলের রস এড়িয়ে চলা ভালো। ফলের রসে উচ্চ মাত্রায় প্রাকৃতিক চিনি এবং কম ফাইবার রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীর ফলের রস না খেয়ে আস্ত তাজা ফল খাওয়া ভালো।

মিষ্টি দই: দই স্বাস্থ্যকর এবং এর অনেক উপকারিতা থাকলেও মিষ্টি দই থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা উচিত। মিষ্টি দই খেতে সুস্বাদু হলেও এতে থাকা চিনি আর প্রিজারভেটিভ আপনার রক্তে শর্করাকে বাড়িয়ে তুলতে পারে। তাই মিষ্টি দই না খেয়ে টক দই খাওয়ার অভ্যাস করুন।

চিনিযুক্ত সিরিয়াল: আপনি যদি মনে করেন যে, সিরিয়াল আপনার ব্রেকফাস্টের জন্য একটি স্বাস্থ্যকর বিকল্প, তাহলে আপনি ভুল! আপনি যদি ডায়াবেটিক রোগী হন, তবে আপনাকে অবশ্যই কোনও সিরিয়াল কেনার আগে উপাদানগুলোর লেবেল পড়তে হবে। এতে চিনির পরিমাণ বেশি হলে, তা থেকে দূরে থাকুন।

অতিরিক্ত প্রক্রিয়াজাত শর্করা জাতীয় খাবার খাওয়া: প্রক্রিয়াজাত শর্করা জাতীয় খাবার যেমন- সাদা রুটি, সাদা ভাত এবং পাস্তা সহজে হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা তীব্রভাবে বৃদ্ধি করে। এসব খাবার অতিরিক্ত খেলে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমে এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে।

অস্বাস্থ্যকর চর্বি: টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার, ভাজা খাবার এবং উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাতপণ্য গ্রহণ। এসব খাবার স্থূলতা বাড়ায় এবং ইনসুলিন প্রতিরোধের ক্ষমতা কমায়।

সাদা পাউরুটি ও ডিম: ডেইলি এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, টাইপ টু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে নিয়মিত সাদা পাউরুটি ও ডিম খাওয়ার অভ্যাসও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে শরীরে। 

স্মুদি: স্মুদিকে স্বাস্থ্যকর শোনালেও ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। কারণ স্মুদিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হিমায়িত দই, ফল এবং চিনিযুক্ত সিরাপ, যা আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। স্মুদিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। আর সে তুলনায় প্রোটিনের পরিমাণ একেবারেই কম। তাই ডায়েটে স্মুদির পরিবর্তে প্রাধান্য দিতে পারেন অ্যাভোকাডো, আপেল ও পালংশাকের মতো খাবারগুলোকে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!