গরমে ত্বকে আনাগোনা করছে হোয়াইট হেডস? দূর করুন ঘরোয়া উপায়ে
আমাদের মুখের সৌন্দর্যকে ম্লান করে দিতে শতভাগ সফল হোয়াইট হেডস। গরমের সময় ত্বকে এর আনাগোনা অনেকটাই বেড়ে যায়। তবে অনেকে সারা বছরই এই হোয়াইট হেডস সমস্যায় ভোগেন।
হোয়াইট হেডস হলো একধরনের ব্রণ। এই ধরনের ব্রনের রং সাদা হয়। যখন ত্বকের নির্গত তেল ও মৃত কোষ ছোট ছোট ছিদ্র বন্ধ করে দেয় তখনই ঘটে এমন বিপত্তি। এ ধরনের সমস্যা নিয়ে অনেকেই বেশ অস্বস্তিতে ভোগেন।
বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে ধুলো-ময়লা, তেল, মৃত কোষ ও অপরিচ্ছন্নতার কারণে লোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। আর সেখান থেকেই দেখা মেলে হোয়াইট হেডসের। তৈলাক্ত ত্বকে এই সমস্যা বেশি দেখা দেয়। মানসিক অশান্তি, ধূমপান ও ভুল প্রসাধনী ব্যবহারের কারণেও হোয়াইট হেডসের সমস্যা দেখা দিতে পারে।
ত্বকে হোয়াইট হেডস দেখা দিলে সহজে তা দূর হতে চায় না। তবে হোয়াইট হেডস দূর করতে ভরসা রাখতে পারেন কিছু প্রাকৃতিক উপাদানের ওপর।
বাড়িতে হোয়াইট হেডস অপসারণ করতে হলুদ ব্যবহার করতে পারেন। অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টিসেপটিকসমৃদ্ধ হলুদের ফেসপ্যাক তৈরি করতে ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ গোলাপজল ও ১/২ চা চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি হোয়াইট হেডসের ওপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। দিনে দুবার এটি করুন।
হোয়াইট হেডস দূর করতে চিনি, মধু ও পাতি লেবুকেও ব্যবহার করতে পারেন। এর জন্য ১ চামচ মধু, ১ চামচ চিনি ও ১ চামচ পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। হোয়াইট হেডসের ওপর তুলা দিয়ে এই মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই পদ্ধতিটি প্রয়োগ করতে পারেন।
এ ছাড়া অ্যালোভেরা ও মধুকে ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাকটি তৈরি করতে একটি পাত্রে ১ টেবিল চামচ অ্যালোভেরা এবং ১ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। আক্রান্ত স্থানে মিশ্রণটি ৪ মিনিট ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি সপ্তাহে চার দিন ব্যবহার করতে পারেন।
সূত্র: বোল্ড স্কাই