টমেটো সস খেয়ে নিজের অজান্তেই ডেকে আনছেন বিপদ
সিঙ্গারা, সমুচা, পাকোড়া, পিজ্জা ইত্যাদি স্নেক্সের সঙ্গে সস খেতে ভালোবাসেন ছোট থেকে বড় সবাই। বিশেষ করে টমেটো সস ছোটদের খুবই পছন্দের খাবার। এমন বাচ্চাই আছে যারা টিফিনে সস ছাড়া কোনো খাবার খেতে চায় না। তাই তাদের সস দিতে বাধ্য হয়ে থাকেন মা-বাবা।
স্নেক্স ছাড়া রান্নাতেও টমেটোর বদলে সস ব্যবহার করে থাকেন অনেকেই। এতে খাবারের স্বাদ বেড়ে যায়। তাই প্রায় প্রতিটি বাড়িতেই লবণ, চিনির মতো থাকে টমেটো সসও। কিন্তু এই সস আপনার এবং আপনার খুদের কতটা ক্ষতি করছে জানেন কি?
সস কীভাবে তৈরি হয়? কী বা থাকে? টমেটোর সঙ্গে লবণ, নানা রকম মশলা, চিনি এবং সিরাপ দিয়ে তৈরি করা হয় সস। ১৭ গ্রাম সসে থাকে ১৯ ক্যালোরি। যখন স্ন্যাক্সের সঙ্গে সস খাওয়া হয়, তখন ক্যালোরির পরিমাণ আরো বেড়ে যায়। এতে উচ্চ রক্তচাপ দেখা দেয়। পরবর্তীকালে এর ফলে আরো নানা রকম শারীরিক জটিলতা তৈরি হতে পারে।
সস তৈরি করতে যে সিরাপ ব্যবহার হয়, তাতেও দেখা দিতে পারে স্থূলতা, ডায়াবেটিস বা ফ্যাটি লিভারের মতো নানা রকম রোগ। তবে এক চা চামচ সস খেলে তেমন ক্ষতি হয় না। কিন্তু কী দিয়ে খাচ্ছেন, সেটা দেখা দরকার।
বিপদ এড়াতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সস। সেক্ষেত্রে কম লবণ এবং চিনি দিন। সিরাপের বদলে গুড় বা মধু ব্যবহার করলে সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে। এই হোম মেড সস আপনি ইচ্ছেমতো খেতেও পারবেন।