সারাদিন মনিটরে চোখ? সুরক্ষায় যা করবেন
আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়েই বাড়ছে বিভিন্ন ডিভাইসের ব্যবহার। সারাদিন স্মার্টফোনে চোখ রাখা। তারপর আবার অফিসের কাজেও ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার মনিটরের সামনে পরে থাকতে হয়। অনেকের কাছে এটা পেশা আবার কারো কাছে এটা নেশা! তবে সারাদিন মনিটরে চোখ রেখে মাথা ব্যথা, চোখ ব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া সহ দেখা দিচ্ছে নানা সমস্যা।
একটানা বেশিক্ষণ মনিটরের দিকে তাকিয়ে থাকা চোখের জন্য একদমই ভালো নয়। তবে কিছু নিয়ম মানলেই এই সমস্যা রোধ করতে পারেন। সামান্য কিছু অভ্যাস তৈরি করার মাধ্যমে আপনার মূল্যবান চোখকে ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন। জেনে নিন কী করবেন-
> চোখে চশমা ব্যবহার করতে পারেন। ভাবছেন, আপনার তো চোখে সমস্যা নেই তাহলে চশমা কেন? আসলে মনিটরের নীল আলো থেকে বাঁচতে চোখে চশমা ব্যবহার করা খুবই জপ্রুরি। এতে নীল আলো আপনার চোখের ক্ষতি করতে পারবে না।
> মনিটরের আলোর লেভেল কমিয়ে চোখের সহনীয় লেভেলে সেট করে রাখতে পারেন। অত্যন্ত ব্রাইট মনিটর থেকে চোখ ব্যথা হয়ে যেতে পারে।
> চোখের ব্যায়াম করতে পারেন। ২০-২০-২০ নামে একটি চোখের ব্যায়াম রয়েছে এতী করতে পারেন, খুব ভালো কাজ দেবে। এর মানে হচ্ছে প্রত্যেক ২০ মিনিট পরে মনিটর থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরে অবস্থিত কোনো জিনিসের দিকে কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য নজর সরাতে হবে। এতে মনিটরের দিকে এক নাগারে তাকিয়ে থাকার ফলে চোখে যে ব্যথা বা খচখচ অনুভূতি, সেটা দূর হয়ে যাবে।
> কম্পিউটারের মনিটরের লাইট নাইট মুডে রাখতে পারেন। উইন্ডোজ ১০ এর নাইট লাইট ফিচার ইউজ করে মনিটরের আলো চোখের জন্য সহনীয় করা যেতে পারে। এর ফলে দীর্ঘক্ষণ কাজ করলেও আপনার চোখের ক্ষতি কম হবে।
> মনিটর সেটআপ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বসার জায়গা থেকে এমন দূরত্বে মনিটরটি সেট করুন, যাতে সেটা আপনার চোখ থেকে ৪০-৭৫ সেন্টিমিটার দূরে হয়। তবে এটা অবশ্যই নিশ্চিত করবেন, আপনি মনিটরের লেখা গুলো যাতে পরিষ্কার দেখতে পান, না হলে চোখের উপর আরো বেশি চাপ পরবে।
> কিছুক্ষণ পর পর চোখে পানি দিতে পারেন। আবার কিছুক্ষণ চোখ বন্ধ করেও রাখতে পারেন। এতে চোখ কিছুটা বিশ্রাম পাবে। আর চোখ চোখ ভেজা থাকলে চোখের ক্ষতি কমে যায়। এক নাগারে তাকিয়ে থাকার ফলে চোখ শুকিয়ে যায়, যেটা অনেকটা ক্ষতির কারণ।
এই অভ্যাসগুলো ধীরে ধীরে আয়ত্ত করুন। এতে করে আপনার চোখের দীর্ঘস্থায়ী ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।