বৃষ্টির দিনে জামাকাপড় কাচা বা ধোওয়া তো হলো, এবার শুকাবেন কীভাবে? ঠিকমতো না শুকালেই জামাকাপড় দিয়ে পানির ভ্যাপসা গন্ধ বের হবে। এখন তবে কী উপায়? কী ভাবে জামাকাপড়ের বাজে গন্ধ দূর করা যায়? জেনে নিন সহজ কিছু পদ্ধতি।
১. বর্ষাকালে দেখবেন জামা-কাপড়ে সাদা সাদা দাগ পড়ে যায়। একে ছাতা পড়া বলে। জামাকাপড়ে ছাতা পড়ার দাগ যেমন দেখতে খারাপ লাগে, তেমন এর থেকে দুর্গন্ধও বের হয়। এর কারণ হলো সারা সপ্তাহের জামাকাপড় আমরা একসঙ্গে জমিয়ে এক জায়গায় রেখে দিই। হয় ওয়াশিং মেশিনের ভেতরে না হলে লন্ড্রির ঝুড়িতে। এমনিতেও সেগুলো থেকে গন্ধ বের হয়। তারপর ধুলেও সে গন্ধ যায় না। তাই পরা জামাকাপড় একসঙ্গে না রেখে, আলাদা আলাদা করে ঝুলিয়ে রাখুন। এমন জায়গায় রাখুন যেখানে হাওয়া বাতাস চলাচল করে।
.png)
২. বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে। আর ঠিক এই কারণেই জামাকাপড়ের ভিজে ভাব সহজে শুকোতে চায় না। আধা ভেজা জামাকাপড়ে জীবাণু, ছত্রাক জন্মায়। ধরুন, বৃষ্টিতে জামা ভিজে গিয়েছে বা বাইরে থেকে ঘেমে ফিরেছেন, জামাকাপড় ছেড়ে সঙ্গে সঙ্গেই ধুতে দেবেন না। আগে কিছুক্ষণ পাখার নীচে রেখে শুকিয়ে নিন। তারপর কাচতে দেবেন।
৩. জামাকাপড় কাচার সময়েও নজর দিতে হবে একটু। কাপড় কাচার এমন সাবান ব্যবহার করবেন যা জীবাণুনাশ করতে পারে। কাপড় কাচার সাবানের সঙ্গে সামান্য ভিনিগার ও বেকিং সোডা যোগ করলে জামাকাপড়ে ভ্যাপসা গন্ধ হবে না। লেবু বা গোলাপের গন্ধযুক্ত ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন।
৪. জামাকাপড় ধোওয়ার পর জীবাণুনাশক তরলে কাপড় ধুয়ে তারপর শুকাতে দিন। রোদ না উঠলেও ছাদে মেলতে পারেন। বা বাড়ির বারান্দাতে মেলে দিন।
৫. জামাকাপড় ধুয়ে সেই পানিতে একটু লেবু চিপে দিয়ে দিন। এবার তাতে জামাকাপড় ধুয়ে নিন। দেখবেন ভ্যাপসা গন্ধ হবে না।
৬. ভেজা জামা ভালো করে শুকিয়ে গেলে ভাঁজ করে ন্যাপথলিন দিয়ে তবে রাখুন।
৭. প্রতিদিন যদি বাইরে যেতে হয় তাহলে জামাকাপড় ডেটল পানিতে ধোওয়াই ভালো। জামাকাপড় ধুয়ে ডেটল পানিতে দশ মিনিট ডুবিয়ে রাখলে এতে কাপড়ে সুগন্ধ আসবে। আর রোদে শুকাতে না পারলেও কোনো জীবাণু বাসা বাঁধতে পারবে না।