বর্তমান সময়ে এসে সব বয়সী মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। আর এই প্ল্যাটফর্মগুলোতে পরিচিতদের পাশাপাশি অপরিচিতদের সঙ্গেও বন্ধুত্ব করা যায় সহজেই। আর এখানে আপনার যাকে ভালো লাগে না, কিংবা কেউ আপনাকে বিরক্ত করেন, এমন ব্যক্তিকে চাইলেই সরিয়ে দিতে পারেন নিজের প্রোফাইল থেকে।
‘আনফ্রেন্ড’ শব্দটির সঙ্গে আমরা পরিচিত হয়েছি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে। তবে ফ্রেন্ড বা বন্ধু শব্দটি অনেক আগে থেকেই আমাদের খুব পরিচিত। অক্সফোর্ড ডিকশনারির ২০০৯ সালের সেরা শব্দ ছিল ‘আনফ্রেন্ড’। যার সংজ্ঞা হলো: ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া সাইটে কাউকে ‘বন্ধু’ তালিকা থেকে বাদ দেওয়া।
.png)
২০১৪ সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ বা ‘বন্ধু ছাঁটাই করার দিন’ প্রতিষ্ঠা করেন। দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিল: সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া। যাদের সারা বছর সহ্য করেছেন বা আজ কাল করে করে বন্ধু তালিকা থেকে বাদ দিতে পারছেন না, আজ করে দিন।
আনফ্রেন্ড দিবস উদ্যাপন করতে নিজের ফেসবুক প্রোফাইলের বন্ধু তালিকা স্ক্রল করুন। দেখবেন অনেকেই আছেন যাদের সঙ্গে কখনো কথা কিংবা যোগাযোগ হয়নি। আর ওই মানুষটির সঙ্গে কোনো কথা হবেও না - এসব অপ্রয়োজনীয় প্রোফাইলকে আপনার প্রোফাইল থেকে ‘আনফ্রেন্ড’ করতে পারেন।