ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

লীডসে বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উদযাপন: পূরবীর নতুন উদ্যোগের শুভসূচনা

সৈয়দ আনোয়ার রেজা, যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ১৮ নভেম্বর ২০২৪
লীডসে বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উদযাপন: পূরবীর নতুন উদ্যোগের শুভসূচনা
লীডসে বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উদযাপন

উত্তর ইংল্যান্ডের লিডস শহরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির শৈল্পিক ধারা ধরে রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে পূরবী বাঙালি সাংস্কৃতিক গোষ্ঠি। গত ২৪ বছরের ধারাবাহিকতায় ১৭ নভেম্বর রোববার বিকেল ৩টায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে মঞ্চস্থ হয় সংগঠনের নতুন প্রকল্প ‘এ সেলিব্রেশন অব ডাইভার্স আর্টিস্ট্রি’।

ডা. শারমীন নিজামের প্রাণবন্ত সঞ্চালনায় লীডসের স্থানীয় সংস্কৃতিকর্মী এবং ইয়র্কশায়ারের বাঙালি ও অবাঙালি শিল্পীরা একই মঞ্চে হাজির হন।`

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি অমল পদ্দার বলেন,পূরবী দীর্ঘদিন ধরে সৃজনশীলতার একটি মঞ্চ তৈরি করতে কাজ করছে, যা দেশীয় সংস্কৃতিকে স্থানীয় সংস্কৃতির সঙ্গে বৈচিত্র্যময়তার মাধ্যমে সমৃদ্ধ করবে।

Advertisement

উদ্বোধনী পরিবেশনায় নৃত্যপরিকল্পক রুসিয়া ঊজমি দোলার পরিকল্পনায় স্থানীয় শিশুশিল্পীদের নৃত্য নজর কাড়ে। সন্ধ্যাকে আরো প্রাণবন্ত করে তোলে বাংলাদেশি খ্যাতনামা নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের শিষ্যা সুমাইয়া ইমাম সুচিতা, ওড়িশি নৃত্যে প্রশিক্ষিত তন্নি দাশ, কথক শিল্পী অর্জিতা দাস এবং সা-ইউকের জ্যোতি মানরালের শৈল্পিক নৃত্য পরিবেশনা।

সংগীত পরিবেশনায় অংশ নেন উপশাস্ত্রীয় সংগীতশিল্পী সুমনা বসু, শিশুশিল্পী রাফসান রিয়ানা কাজী এবং সেলিম ওয়াহিদ নিলয়। আবৃত্তিতে প্রাণ জোগান নাজমুর নাহার খান এবং ডা. শারমীন নিজাম ।

পূরবীর সাধারণ সম্পাদক মুবাশশির হাসান বলেন, আমাদের লক্ষ্য লীডসের বহুসাংস্কৃতিক আবহে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরা।

অর্থ সম্পাদক ড. সুজানা শফিদ তমা বলেন, লিডস শহরের সৃজনশীল গতিশীলতায় পূরবী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। লীডস সিটি কাউন্সিলের সহযোগিতায় এই প্রকল্প সেই প্রচেষ্টারই প্রতিফলন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লীডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মশফিক উদ্দিন, ডা. সৌরজিত বসু। অনুষ্ঠানের শব্দ নিয়ন্ত্রণ করেন পূরবীর প্রতিষ্ঠাতা সদস্য আবুল আবেদিন।

অনুষ্ঠানে যোগ দেওয়া শ্রোতারা মনে করেন, লীডসে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে পূরবী এরই মধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এ ধরণের উদ্যোগ ভবিষ্যতে আরো বেশি মানুষের সম্পৃক্ততা এবং সৃষ্টিশীলতায় অনুপ্রাণিত করবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!