ম্যানচেস্টার সাহিত্যকেন্দ্র ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত মঙ্গলবার আয়োজিত এ সন্ধ্যায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, লেখক, ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানচেস্টার সাহিত্যকেন্দ্রের পরিচালক ও বিশিষ্ট কবি তাবেদার রসুল বকুল।
উদ্বোধনী বক্তব্যে তাবেদার রসুল বকুল বলেন, বাংলা সাহিত্য আমাদের ঐতিহ্যের সঙ্গে এক নিবিড় বন্ধন রচনা করে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সাথে সেই বন্ধন অটুট রাখার দায়িত্ব আমাদের।
.png)
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম ও লেখক শেবুল চৌধুরী তাদের বক্তব্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির অগ্রগতির কথা তুলে ধরেন।
কবি ও কলামিস্ট ফারুক যোশীর সঞ্চালনায় কবিতা সন্ধ্যায় ডা. নজরুল ইসলাম, আয়শা আহমদ, তাবেদার রসুল বকুল, সৈয়দ মাছুমসহ অনেকেই তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতায় ফুটে ওঠে প্রবাস জীবনের সংগ্রাম, প্রেম, প্রকৃতির প্রতি মমত্ববোধ এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা। পাশাপাশি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়, যা উপস্থিত শতাধিক সাহিত্যপ্রেমীকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব। অনুষ্ঠানটির সফল আয়োজনে ম্যানচেস্টার সাহিত্যকেন্দ্রের পৃষ্ঠপোষক লিয়াকত খান, সাংবাদিক তৈয়বুর রহমান শ্যামল এবং শাহ কাইয়ুমের অবদান প্রশংসিত হয়। সমাপনী পর্বে সৈয়দ হাসান ও মীর গোলাম মোস্তফার সুরেলা সংগীত পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে।
সমাপনী বক্তব্যে ফারুক যোশী বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যকে টিকিয়ে রাখতে এ ধরনের সাহিত্য আয়োজন খুবই প্রয়োজনীয়।
তিনি জানান, ভবিষ্যতে অন্যান্য শহরেও এরকম সাহিত্য আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই শীতকালীন কবিতাসন্ধ্যা প্রবাসী বাঙালিদের মধ্যে সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধন আরো দৃঢ় করবে এবং নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট করতে প্রেরণা জোগাবে।