ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৮, ২৩ অক্টোবর ২০২৩
দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা
নিহত মো. লিটন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চাঁদা না দেওয়ায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

নিহত ঐ ব্যবসায়ীর নাম মো. লিটন (৪৫)। তিনি নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুর গ্রামের আনন্দিগো বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল হালিম শাকিল।  

তিনি বলেন, রোববার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। 

Advertisement

এর আগে, গত বৃহস্পতিবার জোহানেসবার্গে নিজের কনফেকশনারি দোকানে হামলার শিকার হন তিনি।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নিহতের ছোট ভাই মো. সোহেল বলেন, পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় আসেন বড় ভাই লিটন। গত বৃহস্পতিবার অস্ত্রধারী সন্ত্রাসীরা জোহানেসবার্গের তার কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।  

লিটনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!