আসছেন অন্য এক তাহসান
জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। ক্যারিয়ারটা শুরু করেছিলেন গান দিয়ে। ব্ল্যাক ব্যান্ডের ভোকাল হিসেবে যাত্রা শুরু করেই সফলতা অর্জন করেন তিনি। এর পাশাপাশি সে সময় থেকেই মডেলিং ও অভিনয়েও কাজ করেন। তবে গত কয়েক বছর ধরে গানের পাশাপাশি অভিনয় নিয়মিত চালিয়ে যাচ্ছেন তাহসান।
উৎসব-পার্বণে তাহসানের গান মানেই শ্রোতা-দর্শকদের কাছে অন্যরকম কিছু। ভালোবাসা দিবসকে সামনে রেখে এই তারকা নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘তুমিময় লাগে’।
মাহমুদ মানজুর ও তাহসান শুভ’র কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানের একটি ছোট্ট অংশে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েজ তারকা কর্নিয়া। মোশনরক এন্টারটেইনমেন্টের তত্বাবধায়নে গানটির দৃষ্টি নন্দন ভিডিও নির্মাণ করেছেন ফুয়াদ নাসের। ভিডিওতে তাহসান খানের সঙ্গে জুটি বেঁধেছেন সুচিতা।

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ভালোবাসা দিবসের বেশ কিছু কাজ শেষ করলাম। উৎসবটি নিয়ে যতগুলো কাজ করেছি ‘তুমিময় লাগে’ গানটি অন্য গানগুলো থেকে বেশ ভিন্ন আঙ্গিকে করা। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। আর গানটির ভিডিওতে অন্য এক তাহসানকে খুঁজে পাবে দর্শকরা।
ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনের অংশ হিসেবে আগামী ১৩ ফেব্রুয়ারি, বুধবার ধ্রুব মিউিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘তুমিময় লাগে’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
ডেইলি বাংলাদেশ/এনএ/আরএইচ/এমআরকে