ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দেশের বড় চলচ্চিত্র উৎসবে ফ্রিতে দেখা যাবে ৪৪ সিনেমা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৭, ২ জানুয়ারি ২০২৫
দেশের বড় চলচ্চিত্র উৎসবে ফ্রিতে দেখা যাবে ৪৪ সিনেমা
ফাইল ছবি

বাংলাদেশসহ ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র নিয়ে ১১ জানুয়ারি শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’

এবারের আসর সম্পর্কে জানতে চাইলে উৎসবের কর্ণধার ও রেইনবো চলচ্চিত্র সংসদ সভাপতি আহমেদ মুজতবা জামাল ডেইলি বাংলাদেশকে বলেন, ‘আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১০টি বিভাগে বিভিন্ন দেশের ২০৩টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে এ উৎসবে মোট ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ট্যালেন্ট সেকশনে স্বল্পদৈর্ঘ্য ১৫টিসহ মোট ৪৪টি দেশীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে।’

আহমেদ মুজতবা জামাল জানান, বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশকিছু আলোচিত ও নতুন সিনেমা। এর মধ্যে আছে বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া দুই সিনেমা। এর একটি বিপ্লব সরকারের ‘আগন্তুক’, অন্যটি ইকবাল এইচ চৌধুরীর ‘বলী’।

Advertisement

এছাড়া এ বিভাগে আরো দেখানো হবে আবদুল আহাদ তানভীরের ‘বাতাসের ফেনা’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’, মেহেদী রনির ‘এখানে নোঙর’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, তৌফিক এলাহির ‘নীল পদ্ম’, নিয়ামুল মুক্তার ‘রক্তজবা’, আবদুল আহাদের ‘সহযাত্রা’ ও কুসুম সিকদারের ‘শরতের জবা’। 

উৎসবটি ১১ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এবারো ভেন্যু হিসেবে জাতীয় জাদুঘরের পাশাপাশি থাকছে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন। কোন সিনেমা কবে কখন দেখা যাবে এমন প্রশ্নের জবাবে উৎসব কর্তৃপক্ষ জানায় শিগগিরই এটি ওয়েবসাইটে দেখা যাবে।

চলচ্চিত্র উৎসব নিয়ে আয়োজকরা জানান, সাধারণ দর্শকের জন্য স্ক্রিনিং ফ্রি। এখানে টিকিটিংয়ের কোনো সিস্টেম নেই।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!