ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পূজায় মন ভালো নেই অপু বিশ্বাসের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:০৭, ১১ অক্টোবর ২০২৪
পূজায় মন ভালো নেই অপু বিশ্বাসের
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছে দেশের তারকারাও। ব্যতিক্রম নন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও। এ বছরের পূজা কোথায়, কেমন কাটছে তা জানিয়েছেন নায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘ছোটবেলার পূজা অনেক সুন্দর ছিল। অনেক পরিকল্পনা থাকত, আনন্দ থাকত। সারাবছর অপেক্ষায় থাকতাম, কখন পূজা আসবে। এখনকার পূজার সঙ্গে তখনকার সেই তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা এক হয়ে গেছে।’

এবার পূজায় ঢাকাতেই করছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘পূজায় সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি থাকবে, কারণ পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটাব। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করব। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা। তবে এখন আসলে পূজা এলেই মন খারাপ থাকে। এখনকার পূজায় আর আগের মতো খুশি খুশি লাগে না।’

Advertisement

মন খারাপ থাকার কারণ কী? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মায়ের জন্য আজকের আমি। তার ভালোবাসা, আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সেই মা নেই। তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে, পূজার সময় বেশি মনে পড়ে।

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন এই নায়িকা। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকেন অপু। কারণ তখন শাকিব খান মানেই তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এর পর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!