ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বন্যাকবলিতদের মূল অভাব শুরু হয় বন্যা পরবর্তী সময়ে: বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২২, ৩১ আগস্ট ২০২৪
বন্যাকবলিতদের মূল অভাব শুরু হয় বন্যা পরবর্তী সময়ে: বুবলী
ছবি: অভিনেত্রী শবনম বুবলী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। গত বছর ঈদুল আজহায় তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রহেলিকা’য় নৌকায় ভাসতে দেখা যায় তাকে। তার সঙ্গে ছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ।

বছর না ঘুরতেই আবারো নৌকায় ভাসলেন বুবলী। তবে এবার শুটিং নয়, নয় কোনো অভিনেতার সাথে। নৌকায় ছুটলেন বন্যা দুর্গতদের দোরগোড়ায়। নিজ হাতে তুলে দিলেন খাবার পানি, মুড়ি-বিস্কুট, স্যালাইনসহ অনেক রকমের উপহারসামগ্রী।

না, অন্য অনেকের মতো ফেনীতে গিয়ে বসে থাকেননি বুবলী। তিনি বেছে নিলেন অনেকটা অবহেলায় পড়ে থাকা নোয়াখালী অঞ্চলকে। যেখানে তার নিজেরও পৈতৃক ভিটা। তবে পানি নেমে যাওয়ার পর কিংবা ত্রাণ দেওয়া মানুষের ভিড় কমার পর বুবলী অনেকটা স্বাভাবিক পরিবেশে গিয়ে হাজির হয়েছেন উপহার নিয়ে। জানান দিলেন, ইচ্ছে করেই রয়ে-সয়ে তিনি নৌকায় চেপেছেন। কারণ, বন্যাকবলিতদের মূল অভাব শুরু হয় বন্যা পরবর্তী সময়ে। তখন সাহায্য করার মানুষও সে অর্থে থাকে না।

সেই ভাবনা থেকে ২৯ আগস্ট পিকআপ ও নৌকা যোগে বিপুল খাবার সামগ্রী বণ্টন করেন নৌখালীজুড়ে। বুবলীর ভাষায়, ‘বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ এটা আমার মানসিক শান্তি।’

নোয়াখালী ঘুরে এসে বুবলী আরো জানান, বন্যাদুর্গত এলাকায় যোগাযোগব্যবস্থা খুবই নাজুক। ফলে সবার কাছে উপহার পৌঁছানো খুবই কঠিন কাজ। তবুও তিনি সবাইকে অনুরোধ করেছেন এই বলে, ‘বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো সঠিকভাবে পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।’

এদিকে ঢালিউডের আরেক অভিনেত্রী অপু বিশ্বাসকে ফেনী-নোয়াখালী অঞ্চলের কোনো নৌকায় দেখা না গেলেও তিনি প্রতিনিধি মারফত অর্থ সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ত্রাণ তহবিলে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!