ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সড়ক দুর্ঘটনায় ৩ অভিনেতা আহত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ৩০ জুলাই ২০২৪
সড়ক দুর্ঘটনায় ৩ অভিনেতা আহত
ফাইল ছবি

সিনেমার শুটিং চলাকালীন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মালয়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তিন অভিনেতাসহ পাঁচজন। আহত তিন অভিনেতারা হলেন অর্জুন অশোকান, সংগীত প্রথাপ ও ম্যাথিউ থমাস। আসন্ন সিনেমা ‘ব্রোমানস’র শুটিংয়ের সময় কোচিতে তাদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহত হয়েছেন তারা।

সম্প্রতি সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ জুলাই বেলা দেড়টার দিকে এমজি রোডে অরুণ জোস পরিচালিত ‘ব্রোমানস’ সিনেমার শুটিং চলছিল। সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল ওই এমজি রোডে। এ সময় হঠাৎ করেই তাদের গাড়ি দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের মুখে পড়ে এবং উল্টে যায়। মোটরসাইকেল দুটি রাস্তার ওপর পার্ক করা ছিল। আর গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাৎক্ষণিক আহতদের হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে, গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত অভিনেতাদের বড় কোনো ক্ষতি হয়নি।

Advertisement

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওই জায়গা যান চলাচলের জন্য স্বাভাবিক করেছে। সেখানে শুটিংও বন্ধ করে দেয়া হয়েছে। কারণ, সেখানে শুটিংয়ের জন্য কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া ছিল না। একইসঙ্গে চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করেছে পুলিশ।

প্রসঙ্গত, ‘জো অ্যান্ড জো’ এবং ‘১৮ প্লাস’ নির্মাতা অরুণ জোস পরিচালিত ‘ব্রোম্যানস’ কমেডি ধাঁচের সিনেমা। এতে অর্জুন অশোকান, সংগীত প্রথাপ ও ম্যাথিউ থমাস ছাড়াও আরও অভিনয় করছেন মহিমা নাম্বায়ার, বিনু পাপ্পুসহ একাধিক তারকা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!