লিজা কোরবানি ঈদের স্মৃতি মনে করে বললেন, একবার কোরবানি ঈদের সময় বিটিভিতে সংবাদ পাঠের শিডিউল পড়েছে। আটটার সংবাদ পড়তে হবে। বাসা থেকে রওনা দিয়েছি ৬টার দিকে। রামপুরা যাওয়ার আগে গরুর ট্রাকের জন্য রাস্তায় ভয়াবহ জ্যাম। আমার সংবাদ পাঠের সময় হয়ে যাচ্ছে। গাড়ি এগুতে পারছে না। উপায় না দেখে নেমে পড়লাম। হেঁটেই চললাম বিটিভি ভবনের দিকে। প্রায় ১ কিলোমিটার হেঁটে যখন পৌঁছুলাম তখন আটটা বাজতে অল্প কয়েক মিনিট বাকি। তাড়াহুড়ো করে বসে পড়লাম কোনো প্রস্তুতি ছাড়া। আল্লাহর অশেষ রহমত কোনো ভুল হয়নি সেদিন। ঠিকঠাক পড়তে পেরেছিলাম। এ স্মৃতি কোরবানির ঈদ এলে মনে পড়ে।
ঈদ ঢাকায় করবেন লিজা। তিনি বললেন, ঈদ নিয়ে আলাদা পরিকল্পনা নেই। আমার মেয়ে থাকে আমেরিকা। তাকে দেখার জন্য ঈদের কয়েকদিন পর আমেরিকা যাবো। সেজন্য ঈদের আমেজ নেই। আনুষঙ্গিক ব্যস্ততা আছে। দেশে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ কাটবে।
.png)
ঈদের দিন লিজা কয়েক পদের রান্না করবেন। তিনি জানালেন, স্পেশাল দুধ সেমাই রান্না করি প্রতি ঈদে। এ ছাড়া রোস্ট, কাবাব তো থাকবেই। আরেকটি আইটেম থাকবে এবার। সেটি হলো আমের পুডিং।
ঈদের কেনাকাটা নিয়ে লিজার মাঝে বাহুল্য নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটাতেই আনন্দ। রোজার ঈদে শপিং করা হয় মূলত। কোরবানির ঈদে নিজের জন্য তেমন কিছু কেনাকাটা করা হয় না।
সবশেষে লিজা বলেন, সত্যি বলতে কোরবানির ঈদের অন্যতম আনন্দ গরীবদের মাঝে কোরবানির মাংস বিলানো। এই কাজেই অধিকাংশ সময় কেটে যায়।