ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঈদ কাটবে আইপিএল’র ব্যস্ততায়: মৌসুমী মৌ

মোহাম্মদ তারেক
প্রকাশিত: ১৬:৪৮, ৮ এপ্রিল ২০২৪
ঈদ কাটবে আইপিএল’র ব্যস্ততায়: মৌসুমী মৌ
মৌসুমী মৌ। ছবি: ডেইলি বাংলাদেশ

দর্শকপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বছরজুড়ে টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও মঞ্চে মিষ্টি হাসিতে কথার জাদুতে মুগ্ধ করেন দর্শক- শ্রোতাদের। ব্যস্ততায় কাটে প্রতিটি মাস। ঈদে যা বেড়ে যায় বেশ। অন্যবারের মতো এবারও মৌ ঈদে থাকছেন বৈচিত্র্যময় অনুষ্ঠান সঞ্চালনায়।

ঈদের ব্যস্ততা প্রসঙ্গে মৌ বললেন, ঈদ আয়োজনে ‘ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর ঈদ’ শীর্ষক ৫ পর্বের একটি শো করেছি। দীপ্ত টিভিতে প্রচারিত হবে। যার একটি পর্ব আমাকে নিয়ে স্পেশালি করা হয়েছে। যেটি ঈদের দিন প্রচার হবে। বাকি পর্বগুলোতে লেখক সাদাত হোসাইন, সঙ্গীতশিল্পী মাশা, অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার ও লুৎফর রহমান জর্জ ছিলেন। প্রথম আলোতে ‘যমুনা তারার ঈদ’ নামে শো করেছি। এটি ঈদের প্রথম তিন দিন প্রচার হবে। এ অনুষ্ঠানে ঈদের দিন থাকছেন চঞ্চল চৌধুরী ও জেফার, পরদিন শরীফুল রাজ ও মন্দিরা এবং শেষ দিন থাকছেন পূজা চেরী ও আদর আজাদ।

জানা গেছে, মৌ এবার ঈদে কোনও সরাসরি অনুষ্ঠান উপস্থাপনা করছেন না। তিনি থাকবেন ক্রিকেট শো সঞ্চালনায়। ঈদের দিনসহ টানা ব্যস্ত থাকবেন আইপিএল– ২০২৪ এর শো উপস্থাপনায়। যা প্রচারিত হবে টি– স্পোর্টসে।

Advertisement

মৌ ঈদের ব্যস্ততা নিয়ে আরও বললেন, বিটিভিতে তিনটি প্রোগ্রাম করেছি। শফিক তুহিনের কথা ও সুরে ৬ জন কিংবদন্তি ৬টি গান করেছেন। অনুষ্ঠানের নাম ‘তারায় তারায়’। এ অনুষ্ঠানে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাতেমাতুজ্জোহরা, অদিতি মোহসিন, খায়রুল আনাম শাকিল, জসীম আহমেদ ও ফাহিম হোসেন চৌধুরী।

ঈদ আড্ডা নামে আরেকটি শো করেছি যেখানে উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম, তুষার খান, চিত্রলেখা গুহ ও আনিকা কবির শখ। আরেকটি অনুষ্ঠান করেছি ‘মাটির সুরে ঈদ আনন্দ’ নামে। যেটিতে ফোক গানের ৭ জন তরুণ শিল্পী গামছা পলাশ, বিউটি, শারমিন, সাগর বাউল, শামীম, দীপা, অঙ্কন ও মিতু ছিলেন। এ অনুষ্ঠানটির নাম আমার দেয়া। বিজয় টিভিতে ‘প্রাণ আপ স্টার টক’ নামে একটি শো করেছি। আমার উপস্থাপনায় পর্ব গুলো প্রচারিত হবে ঈদের দিন, তৃতীয় দিন, পঞ্চম দিন ও সপ্তম দিন।

প্রসঙ্গত, রমজান জুড়ে মৌ উপস্থাপনা করেছেন জিরোক্যাল ড্রিংকস এন্ড ডেজার্ট শীর্ষক একটি অনুষ্ঠান। যেটি বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। তিনি দ্বিতীয়বারের মতো শো– টি করলেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!