ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মৃত্যু নিয়ে অভিনেত্রী হুমায়রা হিমুর ৫ বছর আগের যে বক্তব্য ভাইরাল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ৩ নভেম্বর ২০২৩
মৃত্যু নিয়ে অভিনেত্রী হুমায়রা হিমুর ৫ বছর আগের যে বক্তব্য ভাইরাল
ফাইল ছবি

বৃহস্পতিবার বিকেলে অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর খবরের পর থেকেই শোকস্তব্ধ দেশের বিনোদন অঙ্গন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীসহ অনেকে। তবে এই অভিনেত্রীর মৃত্যুর পর ৫ বছর আগে তার দেয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

২০১৮ সালের ২২ মার্চ মারা যান আরেক অভিনেত্রী তাজিন আহমেদ। এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন অনেকেই। তাজিনের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছিলেন হিমু।

সেসময় ফেসবুকে এসে তাজিনের মৃত্যুর নানা কথা বলেছিলেন তিনি। সেখানে তাজিনের মৃত্যু আর মিডিয়ায় প্রকাশিত খবরের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছিলেন হিমু।

Advertisement

হিমু বলেছিলেন, আমরা সবাই স্বার্থপর। ভালো অভিনয়শিল্পীও। এর জন্য আমাদের অস্কার পাওয়া উচিত। কারণ মৃত অভিনয়শিল্পীদের নিয়ে মিডিয়ায় ব্যবসা হয়। অনেক সময় অসত্য খবরও প্রকাশিত হয়। যা মোটেও উচিত নয়।

অভিনেত্রী বলেছিলেন, আজ আমাদের মিডিয়া তাজিন আপুনিকে নিয়ে কত কথা বলছে। কিন্তু আপুনি যখন একা নিঃসঙ্গ অসহায় জীবন পার করছিল, তখন কেউ তার পাশে এসে দাঁড়ায়নি। এখন অনেকে দাবি করছে, আমরা তার সহশিল্পী। আমরা তার কত কিছু, বন্ধু...কেন ভাই? এই বন্ধু, সহশিল্পী, বেঁচে থাকতে আমরা তার পাশে এগিয়ে আসতে পারিনি? পাশে আসা আমাদের উচিত ছিল। কিন্তু আমরা তা করিনি।

এখানেই শেষ নয়, হুমায়রা হিমু আরো বলেছিলেন, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকব না। একদিন আমিও মারা যাব। আমাকে নিয়েও মিডিয়ায় নানা গল্প তৈরি হবে। সেই গল্প নিয়ে বানানো হবে খবরও। মৃত্যুর পর আমি তো থাকব না। ওপারে থাকব। প্রতিবাদও করতে পারব না। তাই আমি বেঁচে থাকা অবস্থায় লাইভে এসে সত্যি কথাগুলো বলতে চাই।

ভাইরাল ওই ভিডিওতে হিমু ব্যস্তময় জীবনের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, অভিনেত্রী তাজিনের একাকিত্বের সময়গুলো, তার দুঃখ সবই আমরা জানতাম। কিন্তু আমরা কেউই তার পাশে থাকিনি। মৃত্যুর সময় সবার ওপর অভিমান করেই হয়তো চলে গেছেন আপুমনি (অভিনেত্রী তাজিন)।

বৃহস্পতিবার হুমায়রা হিমুর মৃত্যুর পর তার এই কথাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে বলছেন, তাজিন আহমেদের মৃত্যু নিয়ে হিমুর কথাগুলো আশ্চর্যজনকভাবে তার সঙ্গেই মিলে গেল!

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!