ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শাকিব খানের ‘প্রিয়তমা’ কে, মিম না শ্রাবন্তী? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ২ মে ২০২৩
শাকিব খানের ‘প্রিয়তমা’ কে, মিম না শ্রাবন্তী? 
শাকিব-মিম-শ্রাবন্তী

ঢালিউড কিং শাকিব খান। এক বছর বাদে রাজার বেশেই ফিরেছেন এই অভিনেতা। প্রেক্ষাগৃহে চলছে ঈদে মুক্তিপ্রাপ্ত তার নতুন ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’। এরই মাঝে আলোচনায় পরবর্তী ছবি ‘প্রিয়তমা’। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করবেন আরশাদ আদনান।

নতুন সিনেমার কথা উঠলেই আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেত্রীর নাম। ‘প্রিয়তমা’য় কে হতে যাচ্ছেন শাকিব খানের ‘প্রিয়তমা’ নায়িকা? বাতাসে এমনই একটি প্রশ্ন ঘুরছে সকলের ভেতর। তবে দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী নাম আলোচনায় আছে। একজন এপার বাংলার বিদ্যা সিনহা সাহা মিম, অন্যজন হলেন ওপার বাংলার অন্যতম আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিং খানের সঙ্গে এই দুই নায়িকারই কাজের অভিজ্ঞতা রয়েছে।

বিদ্যা সিনহা মিম, যিনি ২০০৯ সালে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিটিতে কাজ করেন। এর ৯ বছরের মাথায় ২০১৮ সালে শাকিব-মিম একসঙ্গে কাজ করেন ‘আমি নেতা হবো’ ছবিতে। দুটি ছবিই ব্যবসাসফল হয়। তারপরও পরবর্তীতে আর তাদের একসঙ্গে দেখা মেলেনি।

Advertisement

অন্যদিকে, কলকাতার নায়িকা শ্রাবন্তীর সঙ্গে শাকিব খান প্রথম কাজ করেন ২০১৬ সালে ‘শিকারি’ ছবিতে। এরপর ২০১৮ সালে ফের তারা জুটি বাঁধেন ‘ভাইজান এলো রে’ ছবিটিতে। দুটিই ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এবং দুটি ছবিই ফাটিয়ে ব্যবসা করে। তাই শাকিবের বিপরীতে শ্রাবন্তীর নামটি বেশ জোরেশোরে শোনা যাচ্ছে।

যদিও এসব গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি শাকিব খান বা ‘প্রিয়তমা’ ছবির পরিচালক-প্রযোজক। পরিচালক হিমেল আশরাফ শুধু গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ছবিটি নিয়ে শাকিব ভাইয়ের অনেক দিনের পরিকল্পনা। সবকিছু চূড়ান্ত হলে খুব শিগগিরই সব জানাবো।’

এদিকে বাতাসে ভাসছে আরও এক খবর। শোনা যাচ্ছে, মিম বা শ্রাবন্তী কেউই নন, ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে কলকাতার এমন একজন নায়িকা থাকবেন, যিনি আগে কখনো বাংলাদেশি কোনো নায়কের সঙ্গে কাজ করেননি। তার সঙ্গে নাকি চুক্তিও হয়ে গেছে। ওই নায়িকা ভিসা পেলেই নাকি তার নামটি সামনে আসবে।

এক্ষেত্রে শোনা যাচ্ছে কৌশানী মুখার্জীর নাম, যিনি ওপার বাংলার নায়ক বনি সেনগুপ্তের প্রেমিকা হিসেবে বেশি পরিচিত। যদিও এ ব্যাপারেও ‘প্রিয়তমা’র নির্মাতা কর্তৃপক্ষ কোনো বক্তব্য বা আভাস দেননি।

পরিচালক সূত্রে খবর, নিটোল প্রেম ও অ্যাকশন ধাঁচের ছবি হতে যাচ্ছে ‘প্রিয়তমা’। আগামী ৮ মে থেকে এ ছবির শুটিং শুরু করবেন শাকিব খান। প্রথম দিনের শুটিং হবে পুরান ঢাকায়। এরপর ঢাকার বাইরে সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে টানা এক মাস শুটিং হবে ‘প্রিয়তমা’র।

বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’। ঈদের দিন মুক্তি পেয়েছে এটি। তপু খান পরিচালিত এই ছবিতে কিং খানের নায়িকা তার প্রাক্তন স্ত্রী শবনম বুবলী। এর আগে গত বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের সরকারি অনুদানের ‘গলুই’ ছবিটি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!