ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘নেশা না ছাড়লে এই সম্পর্ক বেশিদূর টেনে নেয়া সম্ভব না’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০১, ২৩ এপ্রিল ২০২৩
‘নেশা না ছাড়লে এই সম্পর্ক বেশিদূর টেনে নেয়া সম্ভব না’
ফাইল ছবি

ভারতের জি বাংলার সারেগামাপা শোর মাধ্যমে খ্যাতি লাভ করলেও বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনা-সমালোচনায় থাকেন বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল।

কিছুদিন আগে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে স্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে একসময় সেই পোস্ট মুছেও ফেলেন। তবে তা নিয়ে এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নোবেল বলেছিলেন, আমার আবেগের জায়গা থেকে স্ট্যাটাসটি দিয়েছিলাম। আমাকে নিয়ে আমার সাবেক স্ত্রী সবসময় উপহাসমূলক কথাবার্তা বলেন, যা আমার কানে আসে। এখানে কাউকে আঘাত করে কথা বলিনি।

শুধু তাই নয়, সেই সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে নোবেল বলেছিলেন, প্রেমে ছেঁকা খেলে মানুষের জীবন বিভীষিকা হয়। কিন্তু আমি তো প্রেম করিনি। সরাসরি বিয়ে করেছি। আর বিয়েতে ছেঁকা খেলে কী হয়, বুঝুন এবার।

Advertisement

এসব তো গেল অল্প কদিন আগের কথা। ঈদের দিনে আরো একটি স্ট্যাটাস দিয়েছেন নোবেল। সেখানে লিখেছেন, সিঙ্গেলদের আবার কিসের ঈদ? যা-ই হোক, ঈদ মোবারক।

নোবেল নিজেকে সিঙ্গেল দাবি করলেও তার স্ত্রী সালসাবিল মাহমুদ বলছেন ভিন্ন কথা। ঈদের দিন শনিবার দুপুরে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমাদের ডিভোর্স হয়নি। তবে আলাদা থাকি।

গত মার্চ মাসে সালসাবিল মাহমুদকে নিয়ে দুবাইয়ে গিয়েছিলেন। একসঙ্গে থাকার পরেও নোবেল ‘সিঙ্গেল’ আর সালসাবিলের ‘সেপারেশন’ কেন?

এ বিষয়ে সালসাবিল মাহমুদ বলেন, আমি ২০২০ সালে বান্দরবানের একটি ঘটনার কারণে নোবেলকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলাম। ওই সময় সে নেশায় আসক্ত ছিল। পরে নোবেল ভুল স্বীকার করে এবং নেশা থেকে বিরত থাকে। তাকে চিকিৎসার চেষ্টা করি। পরে আবার নেশা শুরু করে। যার ফলে আমরা আলাদা থাকতে শুরু করি। কিন্তু অফিশিয়ালি ডিভোর্স হয়নি। অবশ্য সে সবখানে বলে বেড়াচ্ছে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।

একসঙ্গে দুবাই ভ্রমণ প্রসঙ্গে তিনি বলেন, আবার সম্ভাবনা ছিল যে সব ঠিকঠাক হয়ে যাবে। মাসখানেক আগে সম্ভাবনা তৈরি হয়। যার ফলে আমরা একত্রে দুবাই গিয়েছিলাম। কিন্তু আসার পরেই সে আবার আগের জায়গায় ফিরে গেছে। নেশা না ছাড়লে হয়তো এই সম্পর্ক বেশিদূর টেনে নেওয়া সম্ভব না।

২০২০ সালের মে মাসে হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়ে নোবেল-সালসাবিলের বিয়ের খবরসহ কাবিননামা। সঙ্গে এও ছড়িয়েছিল এটি নোবেলের ‘তৃতীয় বিয়ে’। 

ওই সময় এক সংবাদমাধ্যমে বিয়ের কথা স্বীকার করলেও ‘তৃতীয় বিয়ে’ বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন নোবেল। তখন জানিয়েছিলেন, ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!