চার বছরের বিয়ে হলেও প্রেমের সম্পর্ক ১১ বছরের!
ঢালিউডের বর্তমানে জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। বিয়ে করেছেন তারই বন্ধুর বোন অবন্তীকে। শুক্রবার (১৬ ডিসেম্বর) তাদের বিয়ের চার বছর পূর্ণ হলো।
আজ থেকে চার বছর আগে ঠিক এই দিনে দুই পরিবারের উপস্থিতিতে আকদ সম্পন্ন হয়েছিল তাদের। দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ককে এক মজবুত বাঁধনের পরিণতি দিয়েছিলেন তারা।
চার বছর বিয়েবার্ষিকীর দিনে সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী তার ফেসবুক পেজে তাদের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে রয়েছে সিয়াম, অবন্তী আর তাদের একমাত্র সন্তান।
ছবির ক্যাপশনে অবন্তী ইংরেজিতে তিনটি লাইন লিখেছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়: আমাদের শুভ বিবাহবার্ষিকী। চার বছরের বিয়ে আর সাত মাসের অভিভাবকত্ব। জীবন সুন্দর।
অবন্তীর এই পোস্টের পর অনেক ভক্ত আর শুভাকাঙ্ক্ষীই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে অনেকে সুন্দর সুন্দর কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, উপভোগ করো তোমাদের বিশেষ দিনটি।
আবার কেউ লিখেছেন, ‘প্রেমটা কত বছরের সেটা বলো।’ এর উত্তরও দিয়েছেন সিয়ামের স্ত্রী অবন্তী। লিখেছেন, ‘প্রায় ১১ বছর।’ তাদের ভালোবাসার সম্পর্ক আরও গভীর হোক–এটিই এখন চাওয়া সিয়ামের সব ভক্ত আর শুভাকাঙ্ক্ষীর।