ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আবারও অনন্ত জলিলকে হুঁশিয়ারি ইরানি পরিচালকের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪, ২৩ অক্টোবর ২০২২
আবারও অনন্ত জলিলকে হুঁশিয়ারি ইরানি পরিচালকের
মুর্তজা অতাশ ও অনন্ত জলিল

ঢালিউডের তারকা অভিনেতা অনন্ত জলিলকে হুমকি দিলেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর ইরানি প্রযোজক ও পরিচালক মুর্তজা অতাশ তার ইনস্টাগ্রামে এই বার্তা দেন।

অনন্ত জলিলের উদ্দেশে এই পরিচালক লিখেছেন: ‘আপনি বাংলাদেশের পর ছবিটির প্রযোজক ও পরিচালক হিসেবে আমার অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় মুক্তি দিয়েছেন এবং এখন আপনি এটি সিঙ্গাপুরে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন। অচিরেই ইরানের আদালতে আপনার প্রতারণার স্বরূপ উন্মোচিত হবে এবং তারপর বাংলাদেশের আদালতের দ্বারস্থ হয়ে আমি আপনার কাছ থেকে আমার পাওনা আদায় করব।’

পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’র অভিনেতা ও বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলে আগস্টে মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন সিনেমার পরিচালক ও ইরানি প্রযোজক মুর্তজা অতাশ জমজম। তখনও এক ইনস্টাগ্রাম পোস্টে অনন্ত জলিলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে আনেন মুর্তজা। তার অভিযোগ, অনন্ত জলিল সিনেমার চুক্তি ও শর্ত ভঙ্গ করেছেন, সিনেমার প্রধান প্রযোজক হওয়া সত্ত্বেও অর্ধেক নির্মিত সিনেমা তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অনন্ত।

প্রথমবার ইরানি প্রযোজক ও পরিচালকের মামলার হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খোলেন ‘দিন: দ্য ডে’র অভিনেতা ও বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে অবস্থান তুলে ধরেন তিনি।  তবে এবার ইরানি পরিচালকের হুঁশিয়ারি বার্তার পর এখনও মুখ খোলেননি অনন্ত জলিল।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!