বাপ্পি লাহিড়ীর জনপ্রিয়তার গোপন সূত্র শুনে নিন
গতকাল প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ী। সাড়ে চার দশকের সংগীত জীবনে ৬৫০টিরও বেশি মিউজিক কম্পোজ করেছেন ‘ডিস্কো কিং’ খ্যাত এই গায়ক। প্রজন্মের পর প্রজন্ম তার গানে মুগ্ধ সবাই। তবে তার সব গানই যে শ্রোতাদের পছন্দের তালিকায় ছিলো তা কিন্তু একদমই নয়। বাপ্পি লাহিড়ীর জনপ্রিয়তার গোপন সূত্র কি জানেন? জানতে হলে আপনাকে শুনতে হবে তার লেখা কিংবা কণ্ঠে গাওয়া কিছু গান।
একনজরে দেখে নেয়া যাক বাপ্পির সেরা কিছু গান-
১) কাভি আলবিদা না কেহনা
১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘চলতে চলতে’ সিনেমায় বাপ্পির সুরে কিশোর কুমার গেয়েছিলেন ‘কাভি আলবিদা না কেহনা’। গানটি আজও শিহরণ জাগিয়ে তোলে ভক্তদের মনে।
২) ডিস্কো ডান্সার
১৯৮২ সালের ১০ ডিসেম্বর মুক্তি পায় মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ডিস্কো ডান্সার’। এ ছবির প্রতিটি গান সুপার ডুপার হিট। ‘জিমি জিমি আজা আজা’, ‘ইয়ার আ রাহা হ্যায় তেরা প্যায়ার’ কিংবা টাইটেল ট্র্যাক ‘আই অ্যাম এ ডিস্কো ডান্সার’- সবই কালজয়ী গান।
৩) রাত বাকি
১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘নমক হালাল’ ছবির ‘রাত বাকি’ গানটি আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে ও বাপ্পি লাহিড়ী।
৪) দে দে পেয়ার দে
১৯৮৪ সালে মুক্তি পাওয়া ‘শারাবি’ ছবির ‘দে দে পেয়ার দে’ গানে মদ্যপ অমিতাভের প্রেম নিবেদন যেমন দাগ কেটেছিল দর্শক মনে, তেমনই বাপ্পির সুর দিওয়ানা করেছিল পুরো বলিউডকে। গানটি গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী ও কিশোর কুমার।
৫) ঝুম ঝুম ঝুম বাবা
১৯৮৪ সালের ২৯ নভেম্বর মুক্তি পায় ‘কসম পেয়দা করনেওয়ালে কি’। এই ছবির সবচেয়ে জনপ্রিয় গান ‘ঝুম ঝুম ঝুম বাবা’। এই গানের সুর করেছিলেন বাপ্পি। সুপারহিট এই গানে কণ্ঠ দিয়েছিলেন সালমা আগা।
৬) ইয়ার বিনা চ্যায়ানা কাঁহা রে
অনিল কাপুর আর অমৃতা সিং অভিনীত ‘সাহেব’ মুক্তি পায় ১৯৮৫ সালে। এই ছবির ‘ইয়ার বিনা চ্যায়ানা কাঁহা রে’ নিজের কম্পোজ করা এই গানে গলা মিলিয়েছিলেন নিজেই।
৭) পেয়ার কাভি কম নেহি করনা
১৯৮৮ সালে মাধুরী দীক্ষিত এবং মিঠুন চক্রবর্তীর 'প্রেম প্রতিজ্ঞা' ছবিতে আশা ভোঁসলের সঙ্গে ডুয়েটে এই গানটি গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী। তার কণ্ঠের জাদু মোহিত করেছিল সংগীতজগৎকে। রোমান্টিক গানগুলোর মধ্যে এটি অন্যতম।
৮) তম্মা তম্মা
১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘থানেদার’ ছবির এই গান আজকের প্রজন্মের মধ্যেও এত জনপ্রিয় যে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতে রিক্রিয়েট করা হয়েছিল।
৯) উ লা লা
২০১১ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালান অভিনীত ‘ডার্টি পিকচার’ ছবির উ লা লা সাম্প্রতিক সময়ের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। শ্রেয়া ঘোষালের সঙ্গে গানটি গেয়েছিলেন ডিস্কো কিং।
১০) তুনে মারি এন্ট্রিয়া
প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং এবং অর্জুন কাপুর অভিনীত ‘গুন্ডে’ ছবির ‘তুনে মারি এন্ট্রিয়া’ গানে মজেছিল পুরো বলিউড। নীতি মোহন এবং বিশাল দাদলানির সঙ্গে এই গানটি গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী, যা সুপারহিট।
পাঠক এতক্ষণ আপনারা যেসব গানগুলো শুনেছেন কালের পরিক্রমায় এগুলোই ছিলো বাপ্পি লাহিড়ীর জনপ্রিয়তার শিখরে উঠার সিঁড়ি।