ক্যামেরার পেছনের কারিগর রেজওয়াদুদ মাহিন
ক্যামেরার সামনের শিল্পী কলাকুশলীদের সবাই খুব ভালোভাবে চিনলেও এদেশে ক্যামেরার পেছনের কারিগররা থেকে যায় অন্তরালেই। তেমনি ক্যামেরার পেছনের একজন কারিগর রেজওয়াদুদ মাহিন।
মেধাবী নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর পাঁচ নাম্বার সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশি টেলিভিশন নাটক ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু করেন ২০১৭ সালের ডিসেম্বরে।
এনিয়ে মাহিন বলেন, ‘শুরুতে সবার জুনিয়র সহকারী পরিচালক ছিলাম আমি। তেমন কিছুই বুঝতাম না। সবকিছু যেন মাথার উপর দিয়েই যেত। তবে আমি বিশ্বাস করতাম মনোবল ঠিক রেখে সততার সাথে পরিশ্রম করলে সফলতা আসবেই।’
সফলতা এসেছেও মাহিনের জীবনে। বর্তমানে মাবরুর রশিদ বান্নাহর আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির প্রধান সহকারী পরিচালক তিনি। এ পর্যন্ত বান্নাহ পরিচালিত শতাধিক নাটকে সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তার। পাশাপাশি বেশ কিছু নাটকের গল্প, কাহিনীচিত্রও মাহিনের লেখা। বসের আদেশে অভিনয়ও করেছেন বেশকিছু নাটকে। যদিও মাহিন জানান অভিনয়ের ইচ্ছাটা তার নাই। মাহিনের লেখা কাহিনীচিত্র থেকে নির্মাণ হয়েছে প্রপোজ, গ্যাঞ্জাম এগেইন, ডেয়ারিং গার্ল, বন্ধুর বোনসহ বেশকিছু নাটক।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ম্যাডবয় ৩, ভ্যালেনটাইন্স ডে ২০২০, সাইজ ডাজেন্ট ম্যাটার, জ্বি আমি গেঞ্জি বেচি, আই লাভ ইউ, ক্যাট ফাইট, বদমাইশ পোলাপাইন। মাহিনের ইচ্ছা ভবিষ্যতে মেধাবী নির্মাতা হওয়ার। এজন্য এখন কাজ শিখছেন, পড়ালেখা করছেন কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।