ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘আপত্তিকর’ দৃশ্যগুলো ঘরের মানুষরাও সহজভাবে নেয়নি: অহনা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ১০ সেপ্টেম্বর ২০২০
‘আপত্তিকর’ দৃশ্যগুলো ঘরের মানুষরাও সহজভাবে নেয়নি: অহনা
অভিনেত্রী অহনা রহমান। ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত নতুন চরিত্রের খোঁজ করছেন অভিনেত্রী অহনা রহমান। যার মাধ্যমে দর্শক যেন প্রতিনিয়ত সম্পূর্ণ অন্য এক অহনাকে আবিষ্কার করতে পারেন। করোনাকালে তার অভিনীত ওয়েব সিরিজ ‘সদরঘাটের টাইগার’ মুক্তি পেয়েছে। এ নিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন তিনি।

‘সদরঘাটের টাইগার’ অহনার প্রথম ওয়েব সিরিজ। তার কথায়, এর গল্পটি অসাধারণ, যা অন্য ওয়েব সিরিজ থেকে এটিকে আলাদা করেছে। এতে তাকে দেখা গেছে বিধবানারীর চরিত্রে। ‘রত্না’ নামের এ চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং বটে।

ওয়েব সিরিজটির আপত্তিকর সংলাপ নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে অহনা বলেন, অনেকে গল্পে আমার চরিত্রটি না দেখে ব্যক্তি অহনাকে পর্যালোচনা করছেন। আমি যে সংলাপটি বলেছি সেটি গল্পের রত্না চরিত্রের মেয়েটি বলেছে। আমাকে আলাদাভাবে দেখার কিছু নেই।

এমন চরিত্রে অভিনয় করতে পরিবারের সাপোর্ট ছিল কি-না? এমন প্রশ্নের জবাবে অহনা বলেন, যারা সমালোচনা করছেন তাদের নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। কারণ আমরা এই ধরনের পরিবেশে বড় হইনি। তাই তারাও এমন চরিত্র সহজভাবে নিচ্ছেন না। আমার ঘরের মানুষরাও বিষয়টি সহজভাবে নেয়নি। কিন্তু আমি একটু চ্যালেঞ্জ নিতে চেয়েছি।

নতুন কোনো ওয়েব সিরিজে কাজ করছেন? উত্তরে তিনি বলেন, না। নতুন কোনো ওয়েব সিরিজে কাজ করছি না। আগের ওয়েব সিরিজে কাজ করে অনেক অভিজ্ঞতা হয়েছে। এবার যদি করি তবে ভেবে-চিন্তে করবো।

ইদানীং অহনাকে অভিনয়ের উঠোনে তেমন একটা পাওয়া যায় না। ঈদের পর এখনো ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। কাজে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আগামী বছর থেকে নিয়মিত কাজ করবো। এ বছরে হয়তো আর দু-তিনটি কাজ করতে পারি। এর বাইরে আপাতত কাজ করার ইচ্ছে নেই।

‘সদরঘাটের টাইগার’ ওয়েব সিরিজটির পরিচালক সুমন আনোয়ার। অহনা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন হিন্দোল রায়, শাহেদ আলী, উজ্জল মাহমুদ, আমানুল হক হেলাল, কাজল সুবর্ন, শাহজাহান সম্রাট, নীরঞ্জন নীরু ও ইকতারুল।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!