সাত মাস পর ৩৩ হলে ‘অবতার’ হচ্ছেন মাহি
‘অবতার’ ছবির মাধ্যমে সাত মাস পর পর্দায় ফিরছেন অগ্নিকন্যা খ্যাত মহিয়া মাহি। ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে নবাগত জে এইচ রুশোকে। বিশেষ একটি চরিত্রে থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। মাহমুদ হাসান শিকদার পরিচালিত এ ছবিটি শুক্রবার দেশব্যাপী ৩৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এমনটিই জানিয়েছেন এ ছবির নির্মাতা।
তিনি বলেন, অবতার আমার জীবনের প্রথম স্বপ্ন, প্রথম সন্তান, প্রথম চলচ্চিত্র। আমি এটি নির্মাণে কোনোরূপ আপোস করিনি। যেমন কাহিনী রচনায়, তেমন শিল্পী নির্বাচনে, আবার নির্মাণে। নিজের সেরাটা দিয়েই চেষ্টা করেছি এটি নির্মাণের। সবার আগে ভেবেছি দর্শকের কথা। কারণ আমার চলচ্চিত্রটি মূলত দর্শকের জন্য। তাই তাদের চাহিদা ও রুচির প্রাধান্য দেয়ার চেষ্টা করেছি।
এরইমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এ ছবির গানগুলো। বিশেষ করে আইটেম সং ‘রঙিলা বেবি’ গত তিন সপ্তাহে প্রায় দুই মিলিয়নের বেশি দর্শক দেখেছে। এছাড়া ট্রেলার ও পোস্টারেও দর্শকদের নজর কেড়েছে।
সাগা এন্টারটেইনমেন্টের প্রযোজনা ও পরিবেশনায় এ ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবাসানু, সুব্রতসহ অনেকে। চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছে পাবনা, শফিপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কেরাণীগঞ্জ, এফডিসি এবং পূবাইলসহ ঢাকার বিভিন্ন লোকেশনে।
‘অবতার’ চলচ্চিত্রে গান থাকছে পাঁচটি। গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, তারিক তুহিন ও মাহমুদ হাসান শিকদার। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন, জাভেদ আহমেদ কিসলু ও কিশোর। চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, ন্যান্সি, ঐশী, পুলক, সজল, জুঁই ও মিম।
ডেইলি বাংলাদেশ/এনএ