প্রশ্নপত্র বিতর্কে সেই শিক্ষক বহিষ্কার
বিতর্কিত প্রশ্নপত্রে নবম শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষা নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষক শংকর চক্রবর্তীকে বহিষ্কার করেছে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার স্কুলটির পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার।
তিনি বলেন, এই শিক্ষকের কারণে আমাদের প্রতিষ্ঠান যে কলঙ্কের ভাগীদার হলো সেটি সত্যিকার অর্থেই খুব কষ্টের। কিন্তু কি আর করার আছে? তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা তাকে কারণ দর্শানোর সময় দিয়েছিলাম, সে যে কারণ দেখিয়েছে সেটি আমাদের মনঃপুত হয়নি।
এ সময় রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুলের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। স্কুলটিকে বিতর্কের উর্ধ্বে নিয়ে নতুন করে ঢেলে সাজানোর প্রতিজ্ঞা করেন।
তবে এ ব্যাপারে রামকৃষ্ণ মিশনের মহারাজ ও বহিষ্কৃত শিক্ষকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে ১৭ এপ্রিল, বুধবার রাজধানীর রামকৃষ্ণ মিশন স্কুলের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’ এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেয়া হয়েছে, তার মধ্যে ছিল পর্ন তারকা মিয়া খালিফার নাম! তবে তার নাম লেখা হয় ‘মিয়া কালিফা’।
এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কিশোর উপন্যাস ‘আম-আঁটির-ভেঁপু’র (প্রশ্নে আঁটি বানানে চন্দ্রবিন্দু নেই) রচয়িতার সম্ভাব্য নাম হিসেবে রাখা রয়েছে সাবেক পর্ন তারকা অভিনেত্রী সানি লিওনের নাম! এমন অদ্ভুত প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয় বিদ্যালয়টি। প্রশ্নপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জন্ম দেয় সমালোচনার।
ডেইলি বাংলাদেশ/টিএসআই/আরএইচ